সরাসরি

কোয়ার্টারে ওঠার লড়াই শুরু আর্জেন্টিনা-মিশরের

২২: ১২

মিসরের প্রথম সেট-পিসের সুযোগ

ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন হাইসেম হাসান। তবে তাকে ফাউল করে থামিয়ে দেন আর্জেন্টিনার নিকোলাস তাগলিয়াফিকো। ফলে ম্যাচের প্রথম ফ্রি-কিক পায় মিশর।

ফ্রি-কিকটি নেন মোহাম্মদ সালাহ। তিনি বক্সে দারুণ একটি ক্রস ভাসিয়ে দিলেও আর্জেন্টিনার রক্ষণভাগ দ্রুত বিপদ সামলে বল ক্লিয়ার করে দেয়।

২২: ১০

শুরুর দিকেই বলের দখলে আর্জেন্টিনা

ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে আর্জেন্টিনা। ধীরে ধীরে পাস আদান-প্রদানের মাধ্যমে খেলার গতি নিজেদের মতো করে গড়ে তুলতে চাইছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, ম্যাচের শুরুতেই কিছুটা দুশ্চিন্তায় পড়ে মিসর। মিডফিল্ডার এমাম আশুরকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়। তবে প্রাথমিক চিকিৎসার পর তিনি আবার উঠে দাঁড়ান এবং খেলায় ফিরে আসেন, স্বস্তি ফেরে ফারাও শিবিরে।

২২: ০৮

দুই দলের ফর্মেশন

আর্জেন্টিনা আজ খেলছে ৪-৪-২ ছকে। আক্রমণভাগে জুটি গড়েছেন অধিনায়ক লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

অন্যদিকে, মিশর নেমেছে ৪-২-৩-১ ফর্মেশনে। ডান প্রান্তে খেলছেন দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ, যাকে ঘিরেই গড়ে উঠছে ফারাওদের আক্রমণ।

২২: ০২

বাজল রেফারির বাঁশি, খেলা শুরু

কিক-অফ!

আটলান্টায় রেফারির প্রথম বাঁশির সঙ্গে খেলা শুরু। প্রথম স্পর্শেই বল গড়িয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

মিশর মাঠে নেমেছে তাদের ঐতিহ্যবাহী লাল-কালো জার্সিতে, আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলছে তাদের পরিচিত সাদা-আকাশি নীল ডোরাকাটা জার্সিতে।

২২: ০০

জাতীয় সংগীত শেষ, এবার মাঠের লড়াই!

দুই দলের জাতীয় সংগীত পরিবেশনা শেষ হয়েছে। গ্যালারিতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে সমর্থকেরা উঁচিয়ে ধরেছেন নিজ নিজ দেশের পতাকা, সৃষ্টি হয়েছে আবেগঘন এক পরিবেশ।

দলীয় ছবি তোলার পর খেলোয়াড়রা নিজেদের নির্ধারিত অবস্থানে চলে গেছেন। সব আনুষ্ঠানিকতা শেষ। প্রস্তুতি সম্পন্ন।

এবার কেবল রেফারির বাঁশির অপেক্ষা।

শুরু হোক আর্জেন্টিনা–মিসরের মহারণ!

২১: ৫৭

কিক-অফের আর মাত্র কয়েক মিনিট বাকি

কিক-অফের আর মাত্র কয়েক মিনিট বাকি

আর্জেন্টিনা ও মিসরের খেলোয়াড়রা মাঠে নামার জন্য টানেলে প্রস্তুত। এ সময় লিভারপুলে একসঙ্গে খেলার স্মৃতি মনে করিয়ে দিয়ে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে উষ্ণ আলিঙ্গনে শুভেচ্ছা জানান মোহাম্মদ সালাহ।

এরপর গ্যালারিভর্তি দর্শকদের উচ্ছ্বাসের মধ্যে মাঠে প্রবেশ করে দুই দল। স্টেডিয়ামের স্পিকারে বাজছে ‘দাই দাই’, চারপাশে উৎসবের আমেজ। সামনে একটাই লক্ষ্য—বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট। আর মাত্র কয়েক মিনিট পরই শুরু হবে বহুল প্রতীক্ষিত এই মহারণ।

২১: ৫৫

আর্জেন্টিনা–মিশর মুখোমুখি পরিসংখ্যান

আন্তর্জাতিক ফুটবলে অফিসিয়াল ম্যাচে আর্জেন্টিনা ও মিসর এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে জয় পেয়েছিল দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা। ফলে ফারাওদের বিপক্ষে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আলবিসেলেস্তেরা।

আজকের বহুল প্রতীক্ষিত শেষ ষোলোর লড়াইয়ে প্রথমবারের মতো সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হচ্ছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ।
মুখোমুখি পরিসংখ্যান:

মোট ম্যাচ: ১
আর্জেন্টিনার জয়: ১
ড্র: ০
মিশরের জয়: ০

২১: ৫১

মঞ্চ প্রস্তুত!

মঞ্চ প্রস্তুত!

গ্যালারির বেশিরভাগ আসনই ইতোমধ্যে দর্শকে পূর্ণ। দুই দলের ওয়ার্ম-আপও শেষ হয়েছে। এখন শেষ মুহূর্তের কৌশল নিয়ে আলোচনা করতে খেলোয়াড়রা ফিরে গেছেন ড্রেসিংরুমে।

পণ একটিই—বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট। আর সেই লড়াইয়ে আটলান্টায় মুখোমুখি হচ্ছেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা—লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ।

২১: ৪৯

মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

‘কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে যেমন সতর্ক ছিলাম, এবারও ঠিক তেমনই সতর্ক আছি। মিসরও খুব শক্তিশালী প্রতিপক্ষ।

তারা খুব ভালো দল। দলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, আর তাদের কোচও দীর্ঘদিন ধরে দলের সঙ্গে কাজ করছেন। তারা দারুণ ফুটবল খেলে এবং প্রতিপক্ষের জন্য সব সময় কঠিন চ্যালেঞ্জ তৈরি করে।

সালাহ একজন অসাধারণ ফুটবলার। তার বিপক্ষে খেলতে পারাটা আনন্দের। এমন বড় মাপের খেলোয়াড়দের কীভাবে মোকাবিলা করতে হয়, সেটা আমরা জানি এবং সে অনুযায়ী সব সময় কঠোর পরিশ্রম করি।’

- লিওনেল স্কালোনি, আর্জেন্টিনা কোচ

২১: ৪১

আকাশী-লালে মুখর আটলান্টা

IMG_20260707_213829_(1280_x_720_pixel)

IMG_20260707_213821_(1280_x_720_pixel)

২১: ২৭

স্পটলাইট!

আর্জেন্টিনা ও মিশর দুই দলকেই শেষ ষোলোর বাধা পেরোতে খেলতে হয়েছে ১২০ মিনিট। এরপর কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে বিশ্রামের সুযোগ মিলেছে মাত্র চার দিন।

আর্জেন্টিনার জন্য এই স্বল্প সময়ের প্রস্তুতি এসেছে কিছুটা বাড়তি দুশ্চিন্তা নিয়ে। গ্রুপ পর্বে দারুণ ছন্দে থাকা লিওনেল স্কালোনির দল শেষ ষোলোতে কেপ ভার্দের বিপক্ষে বড় অঘটনের মুখে পড়েছিল। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয়ে কোনোমতে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, মিসরও সহজে আসেনি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে শেষ আটের লড়াইয়ে জায়গা করে নিয়েছে ফারাওরা।

২১: ২৫

ফ্ল্যাশব্যাক!

গত রাতে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। অনেকের মতে, এভাবেই শেষ হলো বিশ্বকাপে রোনালদোর অধ্যায়।

এবার চোখ লিওনেল মেসির দিকে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী অনেকের চোখে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার অন্য নায়ক মেসি কি আজ ভিন্ন গল্প লিখতে পারবেন? নাকি শেষ ষোলোর মঞ্চে তারও অপেক্ষায় আছে আরেকটি অপ্রত্যাশিত চমক?

সব প্রশ্নের উত্তর মিলবে আজকের আর্জেন্টিনা–মিশর মহারণে।

২১: ২২

স্টেডিয়ামে পা রেখেছেন মেসি-সালাহরা

ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা ও মিশরের টিম বাস পৌঁছে গেছে মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দুই দলের ওয়ার্ম-আপ। সবকিছু মিলিয়ে দারুণ এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

2026-07-07T143910Z_901580830_UP1EM7714P886_RTRMADP_3_SOCCER-WORLDCUP-ARG-EGY

2026-07-07T143849Z_1254113447_UP1EM7714ON83_RTRMADP_3_SOCCER-WORLDCUP-ARG-EGY

২১: ১৯

আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন

আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নিকোলাস তাগলিয়াফিকো সুযোগ পেয়েছেন মেদিনার জায়গায়, লিয়ান্দ্রো পারেদেস খেলছেন থিয়াগো আলমাদার পরিবর্তে এবং লাউতারো মার্তিনেজের জায়গায় একাদশে ফিরেছেন হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

মিসরের একাদশ: মোস্তফা শোবেইর; মোহামেদ হানি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, করিম হাফেজ; মারওয়ান আতিয়া, এমাম আশুর, মোস্তফা জিকো, মোহানাদ লাশিন; মোহাম্মদ সালাহ ও হাইসেম হাসান।

২১: ১৫

স্বাগতম

যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা বনাম মিসরের লড়াইয়ের দৈনিক আমার দেশ-এর লাইভ কভারেজে স্বাগতম।

লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া আর্জেন্টিনা এবার লক্ষ্য চতুর্থ শিরোপা। তবে সেই অভিযানে তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ সালাহর নেতৃত্বাধীন মিসর। লিভারপুল কিংবদন্তিকে সামনে রেখে ‘ফারাওরা’ কি পারবে বর্তমান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতে?

আলবিসেলেস্তে ও মিসরের মধ্যকার এই শেষ ষোলোর ম্যাচের রিয়েল-টাইম আপডেট, একাদশ, স্কোর এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন।