সরাসরি

শেষ ম্যাচে নয় পরিবর্তন নিয়ে মাঠে আর্জেন্টিনা

০৮: ০১

খেলা শুরু...

০৭: ৫৮

কিক-অফের আর মাত্র কয়েক মিনিট!

খেলা শুরু হতে চলেছে। খেলোয়াড়রা ইতোমধ্যে ডালাস স্টেডিয়ামে মাঠে প্রবেশ করছেন। লিওনেল মেসি শুরুর একাদশে না থাকায় আর্জেন্টিনাকে মাঠে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। অন্যদিকে জর্ডানের অধিনায়কের দায়িত্ব পালন করছেন এহসান হাদ্দাদ।

০৭: ৪৯

মেসির নেতৃত্বে ওয়ার্ম আপে আর্জেন্টিনা

ওয়ার্ম-আপের জন্য মাঠে নেমেছে আর্জেন্টিনা। দলের বাকি ফুটবলারদের সামনে রেখে অনুশীলনে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি।

ডালাস স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে মেসির মুখ ভেসে উঠতেই মুহূর্তের মধ্যে গর্জে উঠছে গ্যালারি। উপস্থিত আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাসে যেন কেঁপে উঠঠে পুরো স্টেডিয়াম। শুরুর একাদশে না থাকলেও প্রিয় তারকাকে অন্তত কিছু সময় মাঠে দেখতে মুখিয়ে আছেন তারা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেই কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, মেসি শুরুর একাদশে থাকবেন না, তবে বদলি হিসেবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই সমর্থকদের আশা, জর্ডানের বিপক্ষে ম্যাচের কোনো এক পর্যায়ে মাঠে দেখা যাবে বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ককে।

০৭: ২৮

গ্রুপ ‘জে’-এর বর্তমান চিত্র

গ্রুপ ‘জে’-এর বর্তমান চিত্র

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের নির্ধারিত ৭২ ম্যাচের মধ্যে এখন বাকি আছে মাত্র দুটি। এই দুই ম্যাচের ফলেই নির্ধারিত হবে ‘জে’ গ্রুপের চূড়ান্ত অবস্থান।

গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল ইতোমধ্যে শেষ ৩২ নিশ্চিত করেছে এবং আজ আগে থেকেই বিদায় নিশ্চিত হওয়া জর্ডানের বিপক্ষে জিতে গ্রুপ পর্ব তিন ম্যাচেই পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

অন্য ম্যাচে মুখোমুখি হবে আলজেরিয়া ও অস্ট্রিয়া। এই লড়াইয়ের বিজয়ী দল গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠবে। তবে ম্যাচটি ড্র হলে দুই দলই শেষ ৩২-এ জায়গা করে নেবে।

০৭: ২৮

গ্রুপ পর্বের শেষ মহারণে আর্জেন্টিনা-জর্ডান

বিদায়, গ্রুপ পর্ব...

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের নির্ধারিত ৭২ ম্যাচের মধ্যে এখন বাকি মাত্র দুটি। এই দুই ম্যাচের ফলেই নির্ধারিত হবে ‘জে’ গ্রুপের চূড়ান্ত অবস্থান।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার শেষ ৩২ নিশ্চিত হয়ে গেছে আগেই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এবার বিদায়ী ম্যাচে মুখোমুখি হবে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া জর্ডানের। টানা তিন জয়ে গ্রুপ পর্ব শেষ করাই হবে লিওনেল স্কালোনির দলের লক্ষ্য।

অন্য ম্যাচে মুখোমুখি হবে আলজেরিয়া ও অস্ট্রিয়া। এই লড়াইয়ের বিজয়ী দল গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেবে। তবে ড্র হলেও দুই দলই শেষ ৩২ নিশ্চিত করবে।

০৭: ০৪

মেসিকে ছাড়াই নয় পরিবর্তনে আর্জেন্টিনার শুরুর একাদশ

মেসিকে ছাড়াই নয় পরিবর্তনে আর্জেন্টিনার শুরুর একাদশ

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই শেষ ৩২ নিশ্চিত করায় জর্ডানের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা দলে বড় ধরনের পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি।

অধিনায়ক লিওনেল মেসিকে রাখা হয়েছে বদলি বেঞ্চে। শুরুর একাদশে তিনি নেই।

অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে যে একাদশ খেলেছিল, সেখান থেকে মোট নয়টি পরিবর্তন এনেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগের ম্যাচের একাদশ থেকে কেবল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবং স্ট্রাইকার লাউতারো মার্তিনেজই নিজেদের জায়গা ধরে রেখেছেন।

এদিকে, চলতি বিশ্বকাপে এবারই প্রথম শুরুর একাদশে সুযোগ পেয়েছেন হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনার শুরুর একাদশ (৪-৪-২):
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), জিওভানি সিমেওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাস, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ।

জর্ডানের শুরুর একাদশ (৩-৪-৩):
আবু লাইলা (গোলরক্ষক), নাসিব, আল-আরাব, আবুদাহাব, হাদ্দাদ, আল-রাশদান, রাওয়াবদেহ, তাহা, আজাইজেহ, ওলওয়ান, ফাখৌরি।

০৭: ০৪

আজ বিশ্রামে মেসি

আজ বিশ্রামে মেসি

মেসি নেই!

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে সবচেয়ে বড় অনুপস্থিতির নাম লিওনেল মেসি। তবে প্রধান কোচ লিওনেল স্কালোনির ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন শুনেছেন যারা, তাদের কাছে এই সিদ্ধান্ত মোটেও অপ্রত্যাশিত ছিল না।

এরই মধ্যে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই স্কালোনি হয়তো নিকো পাস ও জুলিয়ানো সিমেওনের মতো তরুণদের শুরুর একাদশে সুযোগ দিয়ে তাদের পরীক্ষা করে দেখতে চান। তবে দল যে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে, সেটিও পরিষ্কার করেছেন তিনি।

স্কালোনির ভাষায়, ‘জর্ডান ভালো প্রতিপক্ষ। আমরা তাদের মোটেও হালকাভাবে নিচ্ছি না। আগের ম্যাচের কিছু বিষয় বদলানোর চেষ্টা করব, তবে লক্ষ্য একই থাকবে—বল নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করা।’

অন্যদিকে, টানা দুটি লড়াকু পারফরম্যান্স সত্ত্বেও অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে হেরে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের। দুই ম্যাচেই সুযোগ তৈরি করেও গোলের সামনে ব্যর্থতা তাদের ভুগিয়েছে। তবু বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সেরাটা দেখিয়ে বিশ্বমঞ্চে স্মরণীয় একটি পারফরম্যান্স উপহার দিতে চাইবে জর্ডান।

০৭: ০৪

স্বাগতম!

ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা ও জর্ডান। দৈনিক আমার দেশ-এর লাইভ ব্লগে আপনাকে স্বাগতম। সর্বশেষ আপডেটে পেতে আমাদের সঙ্গে থাকুন।