২৭ বছর পর প্রথমবার ফরাসি কাপ চ্যাম্পিয়ন লেন্স

স্পোর্টস ডেস্ক

২৭ বছর পর প্রথমবার ফরাসি কাপ চ্যাম্পিয়ন লেন্স

দীর্ঘ ২৭ বছরের ট্রফিখরা অবশেষে কাটাল ফরাসি ক্লাব লেন্স। দুর্দান্ত এক ফাইনালে নিসকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ফরাসি কাপের শিরোপা জিতেছে দলটি। প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে স্মরণীয় এক জয় তুলে নেয় তারা।

ম্যাচের ২৪তম মিনিটে ফ্লোরিয়ান তুভার গোলে এগিয়ে যায় লেন্স। ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড পরে দ্বিতীয় গোলেও রাখেন গুরুত্বপূর্ণ অবদান। ৪১তম মিনিটে তার নেওয়া কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ওদসন এদুয়া। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে একটি গোল শোধ করে নিস। তবে ম্যাচে ফেরার আশা জাগিয়েও শেষরক্ষা হয়নি তাদের। নির্ধারিত সময়ের ১২ মিনিট আগে বদলি হিসেবে নামা আব্দাল্লাহ সিমা গোল করে লেন্স শিরোপা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

সিমার গোলের পরই গ্যালারিতে থাকা প্রায় ৫০ হাজার লেন্স সমর্থক উল্লাসে ফেটে পড়েন। ১৯৯৯ সালের লিগ কাপ জয়ের পর এটাই ক্লাবটির প্রথম বড় কোনো শিরোপা। আর ফরাসি কাপে এটি তাদের ইতিহাসের প্রথম সাফল্য। শুধু কাপ জয়ই নয়, পুরো মৌসুমজুড়েই দারুণ ছন্দে ছিল লেন্স। ১৯৯৮ সালে একমাত্র লিগ ওয়ান শিরোপা জেতা দলটি এবার লিগেও রানার্স-আপ হয়ে মৌসুম শেষ করেছে।

অন্যদিকে, ফাইনাল হারার হতাশার সঙ্গে এখন নতুন দুশ্চিন্তায় নিস। শীর্ষ লিগে টিকে থাকতে আগামী ২৬ ও ২৯ মে দুই লেগের প্লে-অফে লিগ টু-এর ক্লাব সাঁত এতিয়েনের মুখোমুখি হবে তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...