ঈদের রাতে বাংলাদেশের মালদ্বীপ চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার

ঈদের রাতে বাংলাদেশের মালদ্বীপ চ্যালেঞ্জ

ভারতের গোয়ায় আজ রাত ৮টায় সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচ বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ আজ দেশে ঈদুল আজহা, কোরবানির ঈদ। দলের অধিনায়ক মারিয়া মান্দা আগের দিনের অনুশীলন শেষে জানিয়েছেন, ঈদের দিন দেশবাসীকে জয়ের উপহার দিতে মরিয়া তারা। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ভালো খেলা এবং দেশবাসীকে খুশি করা’।

টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক শিরোপার মিশন। অষ্টম আসরের 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ভারত মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে। আজ বাংলাদেশ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে। তবে মালদ্বীপকে ১১ গোলের কম ব্যবধানে হারিয়ে পরে ভারতের বিপক্ষে ড্র করলে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হওয়ার শঙ্কা আছে। ৩১ মে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টের ফাইনাল হবে ৬ জুন।
শিরোপা জিততে হলে তিনটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আজ জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে দল। তারপর সেমিফাইনাল এবং ফাইনাল।

প্রতিযোগিতার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি বাংলাদেশ দল। গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে সকালে পাসিং ড্রিল, বল দখল ও ৬ বনাম ৬ উচ্চ তীব্রতার ম্যাচ আয়োজন করা হয়। কোচিং স্টাফ পজিশনিং, কৌশলগত সচেতনতা এবং দলীয় কাঠামোর ওপর বিশেষ মনোযোগ দেন। গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও খেলোয়াডড়েরা দারুণ শৃঙ্খলা ও তীব্রতায় অনুশীলন করেছেন। দলের সব খেলোয়াড় সুস্থ এবং ফিট রয়েছেন বলে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে।

১৯৯৯ সালের পুরুষ দলের সাফে এই গোয়াতেই বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সাতাশ বছর পর একই মাঠে নারী ফুটবলে এবার সেই ইতিহাস বদলে দিতে চায় বাংলাদেশ নারী দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন