ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলিতে আহত ৯, নিরাপত্তার শঙ্কায় বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলিতে আহত ৯, নিরাপত্তার শঙ্কায় বিশ্বকাপ

বিশ্বকাপ শুরুর আগে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। ইংল্যান্ড দলের নির্ধারিত বেস ক্যাম্পের কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। তবে আহতদের কারো জীবন ঝুঁকিতে নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে মিসৌরির কানসাস সিটিতে, যেখানে বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ড দলের বেস ক্যাম্প হিসেবে ব্যবহৃত হবে সোয়াপ সকার ভিলেজ। পুলিশ জানিয়েছে, শনিবার ভোর ৪টার দিকে ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়।

কানসাস সিটি পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অন্তত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

স্বস্তির বিষয় হলো, ইংল্যান্ড দল এখনো কানসাস সিটিতে পৌঁছায়নি। বিশ্বকাপের আগে তাদের পরবর্তী সূচি অনুযায়ী বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

গোলাগুলির ঘটনাস্থল ইংল্যান্ডের নির্ধারিত বেস ক্যাম্প থেকে প্রায় চার মাইল দূরে হওয়ায় বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই নিরাপত্তা প্রশ্ন সামনে এসেছে। যদিও এখন পর্যন্ত ইংল্যান্ড দলের নিরাপত্তা ব্যবস্থায় কোনো পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়নি।

ঘটনার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র।

বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা দীর্ঘদিন ধরেই আলোচিত একটি বিষয়। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতিবছর শত শত গোলাগুলির ঘটনা ঘটে থাকে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন