রোনালদোকে শ্রদ্ধা-ভালোবাসায় ভাসালেন সতীর্থরা

রোনালদোকে শ্রদ্ধা-ভালোবাসায় ভাসালেন সতীর্থরা

একটি জার্সি, অসংখ্য স্মৃতি, আর ইতিহাসজুড়ে ছড়িয়ে থাকা গোলের গল্প। পর্তুগালের সাত নম্বর জার্সিতে আর দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে শ্রদ্ধা ও ভালোবাসার ঢেউ। সাবেক ক্লাব, সতীর্থ, প্রতিদ্বন্দ্বী; সবাই স্মরণ করছেন ফুটবলের এক মহাতারকার বর্ণাঢ্য পথচলার স্মৃতি।

৪১ বছর বয়সি রোনালদো ২০০৩ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক অভিষেকের পর খেলেছেন ২৩৪ ম্যাচ, করেছেন ১৪৬ গোল। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড দুটিই তার দখলে। ২০১৬ সালে ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালে নেশনস লিগ জয়ে নেতৃত্ব দিয়েছেন দেশকে। নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর জাতীয় দলের জার্সি তুলে রাখবেন তিনি।

বিজ্ঞাপন

রোনালদোর বিদায়ে আবেগ প্রকাশ করেছে তার সাবেক ক্লাবগুলোও। দুই মেয়াদে খেলা ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। অবসর জীবন উপভোগ করো।’ তার শৈশবের ক্লাব স্পোর্টিং সিপি জানিয়েছে, ‘আমাদের দেশের জন্য তুমি যা কিছু করেছ, তার সবকিছুর জন্য ধন্যবাদ। পর্তুগালের ইতিহাসে তুমি চিরকাল থাকবে।’ জুভেন্টাসও জানিয়েছে অভিনন্দন।

সতীর্থদের বার্তায় ছিল আরো ব্যক্তিগত আবেগ। ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল দলে রোনালদোর সতীর্থ ব্রুনো ফের্নান্দেস লিখেছেন, ‘অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ।’ ছোটবেলার আদর্শের সঙ্গে জাতীয় দলে খেলতে পারাকে নিজের সৌভাগ্য বলেও উল্লেখ করেছেন তিনি।

ন্যানি বন্ধুকে অভিহিত করেছেন পর্তুগিজদের গর্ব হিসেবে। তার ভাষায়, ‘আমার কাছে তুমিই সর্বকালের সেরা।’ আরো লিখেছেন, রোনালদো তাদের বিশ্বাস করতে শিখিয়েছেন—পর্তুগিজ হয়েও বিশ্বের সেরা হওয়া সম্ভব।

ব্রাজিলিয়ান তারকা নেইমার মন্তব্য করেছেন, ‘কিংবদন্তি’। ভিনিসিয়ুস জুনিয়রের চোখে রোনালদো ‘চিরকাল এক নম্বর’। দীর্ঘদিনের সতীর্থ পেপে লিখেছেন, ‘এটা ফুটবলের চেয়েও বেশি কিছু ছিল। সবকিছুর জন্য ধন্যবাদ, ক্রিস।’ রিও ফার্দিনান্ডের অনুভূতি, ‘আমার ভাই! পুরো পথচলাটাই যেন একটা সিনেমা ছিল।’

পর্তুগাল ফুটবল ফেডারেশনও জানিয়েছে, রোনালদোর ক্যারিয়ারকে যথাযথ সম্মান জানাতে বিশেষ আয়োজন করবে তারা। প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রোও ধন্যবাদ জানিয়েছেন তাকে।

জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে থামছেন না রোনালদো। ৯৮৫ গোল নিয়ে হাজারের স্বপ্নে ছুটছেন তিনি। ফেডারেশনের শুভকামনাও তাই ‘এবার হাজারতম গোলের লক্ষ্যে এগিয়ে যাও!’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন