এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের জয়ের রাতে মাঠের বাইরেও বড় ধাক্কা খেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও। রিয়াল-বার্সেলোনা ম্যাচ চলার সময় তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দামি ঘড়ি, ব্যাগ, গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী মিলিয়ে প্রায় সাড়ে ৩ লাখ ইউরোর সম্পদ খুইয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা।

বিজ্ঞাপন

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’র বরাতে রয়টার্স জানিয়েছে, গত মৌসুমের প্রথম এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে ঢোকে চোর। বাড়ির তৃতীয় তলার বাথরুমের জানালা দিয়ে প্রবেশ করে তারা। এরপর শোবার ঘর তছনছ করে নিয়ে যায় মূল্যবান জিনিসপত্র।

চুরির তালিকায় রয়েছে ৫৩ হাজার ইউরো মূল্যের একটি রোলেক্স ঘড়ি এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ইউরো দামের একটি রিচার্ড মিল ঘড়ি। এ ছাড়া ১৫ হাজার ইউরো মূল্যের তিনটি শ্যানেল ব্যাগ, ২৫ হাজার ইউরো দামের কার্টিয়ের আংটি ও ব্রেসলেটসহ আরও কিছু গয়না, ব্রেসলেট ও সুটকেস খোয়া গেছে। সব মিলিয়ে চুরি হওয়া সম্পদের মূল্য ৩ লাখ ৫০ হাজার ইউরো ছাড়িয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় মিলিতাওয়ের পরিবারের সদস্যরা বাড়ির নিচতলায় বসে টেলিভিশনে এল ক্লাসিকো দেখছিলেন। ফলে বাড়িতে চোর ঢোকার বিষয়টি তাঁদের নজরে আসেনি। চোট কাটিয়ে অক্টোবরে মাঠে ফিরলেও ওই ম্যাচে খেলেননি মিলিতাও; ডাগআউটে বসেই সতীর্থদের ২-১ গোলের জয় দেখেছিলেন তিনি।

স্পেনে তারকা ফুটবলারদের বাড়িতে চুরির ঘটনা অবশ্য নতুন নয়। ২০২২ সালে বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পিয়ের-এমেরিক অবামেয়াংয়ের বাড়িতে সশস্ত্র ডাকাতির সময় তাঁকে মারধর করা হয়েছিল, ভেঙে গিয়েছিল তাঁর চোয়াল। চলতি মাসেও ডাকাতির শিকার হয়েছেন রিয়াল বেটিসের স্ট্রাইকার ট্রয় প্যারট ও পিএসজির সাবেক গোলরক্ষক সার্জিও রিকো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন