বাংলাদেশ ফুটবল লিগে জয়ে ফিরল মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ২-০ গোলে জিতেছে মোহামেডান। বসুন্ধরা কিংসের কাছে ২-১ গোলে হারের পর জয়ে ফিরেছে তারা। এ জয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে সাদা-কালো জার্সিধারীরা। একইদিন অপর ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ব্রাদার্স। টানা দুই হার ও এক ড্রয়ের পর জিতল দলটি। এ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে ব্রাদার্স ইউনিয়ন।
মানিকগঞ্জের মাঠে আরামবাগের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মোহামেডান। গোলের অনেক সুযোগ তৈরি হলেও সফল হতে পারছিল না তারা। ফলে প্রথমার্ধে গোল না পাওয়ার হতাশায় কাটে তাদের। বিরতির পর খেলতে নেমে ৫২ মিনিটে মোহামেডানকে আনন্দের উপলক্ষ এনে দেন সৌরভ। সাইফুলের পাস ক্লিয়ার করতে পারেননি আরামবাগের গোলরক্ষক আজাদ। আলগা বল পেয়ে সহজ গোল করেন সৌরভ। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় আরামবাগ। ৭৫ মিনিটে আরো একটি গোল হজম করে তারা। বদলি হিসেবে নেমে রহিম উদ্দিন মোহামেডানের বিপক্ষে দ্বিতীয় গোলটি করেন। আরিফের কাটব্যাক থেকে নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন রহিম। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর দল।
মুন্সীগঞ্জের মাঠে অপর ম্যাচের শুরুতে গোল পেয়েছিল রহমতগঞ্জ। ১০ মিনিটে জায়েদ আহমেদের ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। তবে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। তাদের পক্ষে জোড়া গোল করেন পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত। ৩৫ ও ৭১ মিনিটে দুটি গোল উপহার দেন এই বিদেশি। এর মধ্যে ৫২ মিনিটে একটি আত্মঘাতী গোল করে রহমতগঞ্জ। আর তাতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি। রহমতগঞ্জের পরবর্তী ম্যাচ মোহামেডানের বিপক্ষে। ১৫ মে দুদল পরস্পরের মুখোমুখি হবে। একই দিন ব্রাদার্স ইউনিয়ন খেলবে ফর্টিসের বিপক্ষে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

