বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের!

বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের!

বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনায় উত্তপ্ত ফুটবল বিশ্ব। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ইউরোপের কয়েকটি ফুটবল ফেডারেশন সরাসরি বিশ্বকাপ বয়কটের দিকে এগোতে পারে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নতুন পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অচলাবস্থা।

ফিফা সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপসহ তাদের প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেস নামে নতুন একটি প্রতিষ্ঠান গঠন করা হবে। সে প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২১ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার তোলার পরিকল্পনা রয়েছে। ফিফার দাবি, এই অর্থ বিশ্বের ২১১ সদস্য দেশের উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে।

বিজ্ঞাপন

তবে পরিকল্পনাটি ঘোষণার পর থেকেই ইউরোপজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এদিকে উয়েফাভুক্ত কয়েকটি দেশের ফুটবল ফেডারেশন জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। সেখানে ফিফা যদি পরিকল্পনা থেকে সরে না আসে, তাহলে ভবিষ্যতের বিশ্বকাপ বয়কটের মতো কঠোর অবস্থান নেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে। একইসঙ্গে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও ক্ষোভ প্রকাশ করেছে। একই ধরনের উদ্বেগ জানিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্সের ফুটবল কর্তৃপক্ষও।

স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস ইনফান্তিনোর পরিকল্পনাকে আগামী ফিফা নির্বাচনের আগে ‘নির্বাচনি প্রচার’ বলে কটাক্ষ করেছেন। তার মতে, এটি সংস্কারের উদ্যোগ নয়; বরং ভবিষ্যতের ফুটবলকে বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখার চেষ্টা। সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারও পরিকল্পনাটির সমালোচনা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন