আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিঙ্গাপুরের মাঠে ১-০ গোলে হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

সিঙ্গাপুরের মাঠে ১-০ গোলে হারল বাংলাদেশ

গোল হজম করে গোলের জন্য মরিয়া হয়ে খেলেছে বাংলাদেশ। আক্রমণের পর আক্রমণ রচনা করে গেল অতিথি দলটি। কিন্তু তাতে কোনো লাভ হলো না। বহুল কাঙ্ক্ষিত সমতাসূচক গোলের দেখা পাননি হামজা চৌধুরীরা। প্রথমার্ধে করা গোলের সুবাদেই ১-০ ব্যবধানে জয় পেল সিঙ্গাপুর। এএফসি এশিয়ান কাপ বাছাই জয় দিয়ে শেষ করল স্বাগতিকরা। আর বাংলাদেশ সেই আনুষ্ঠানিকতা সারল হারের তেতো স্বাদ হজম করে।

বিজ্ঞাপন

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৩১ মিনিটে হঠাৎ এক আক্রমণে স্বাগতিকদের লিড এনে দেন হারিস স্টুয়ার্ট। তাতে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক প্রতিপক্ষ সিঙ্গাপুর।

মাঝমাঠ থেকে বল দখলে নিয়ে এক দৌড়ে পাল্টা আক্রমণ রচনা করে ফেলে সিঙ্গাপুর। কুয়েহর নেওয়া ক্ষিপ্রগতির শট মিতুল মারমা রুখে দেন। কিন্তু দলকে বিপদমুক্ত করতে পারেননি পুরোপুরি। তার হাত ফসকে বল চলে যায় ইখসান ফান্দির কাছে। ইখসান দ্রুত বল ঠেলে দেন হারিস স্টুয়ার্টের দিকে। নির্ভুল শটে বল জাল কাঁপাতে কোনো ভুল হয়নি স্টুয়ার্টের।

ম্যাচের ৭৯ মিনিটে মাঝমাঠের কাছাকাছি ফ্রি-কিক পায় বাংলাদেশ। শমিত সোমের দুর্বল শট সহজেই ক্লিয়ার করে ফেলে সিঙ্গাপুর। ফিরতি বলে নিয়ন্ত্রণ নেন হামজা চৌধুরী। পেনাল্টি এরিয়ায় দারুণ এক আড়াআড়ি শট নেন। বল চলে যায় মিরাজুলের কাছে। কিন্তু তার প্রথম শটের সামনে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট।

বাছাই পর্বে ৬ ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন ৫ পয়েন্ট। ‘সি’ গ্রুপে চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তিনে। শীর্ষে থাকা সিঙ্গাপুরের সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে নাম লিখেছে ২০২৭ এএফসি এশিয়ান কাপে। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে হংকং। আর ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ভারত। আজ সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে পারলে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে আসার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি কোচ হাভিয়ের কাবরেরার দল।

এ ম্যাচ জিতলে ফিফা র‌্যাংকিংয়েও এগিয়ে যেতে পারতো লাল-সবুজের প্রতিনিধিরা। তাছাড়া সিঙ্গাপুরের বিপক্ষে এখনো জয় অধরা রয়ে গেছে। সেই আক্ষেপ এবারও দূর হলো না বাংলাদেশের। সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করলেও এখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। সর্বশেষ গত জুনে সিঙ্গাপুরের মুখোমুখি হয়ে ২-১ গোলে হারে লাল-সবুজের জার্সিধারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...