নেপালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে মঙ্গলবার ভোরে মারা গেলেন ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম। এতে বাংলাদেশ নারী দলে শোকের ছায়া নেমে আসে। মা হারানোর শোক বুকে পাথর চাপা দিয়ে দলের সঙ্গেই থাকেন শিউলি। শোককে শক্তিতে রুপ দিয়ে সেমিফাইনালে নেপালকে হারিয়ে হাসি ফুটেছে বাংলাদেশের ফুটবলারদের মুখে।
শিউলির সদ্য প্রয়াত মাকে জয়টি উৎসর্গ করেছে নারী দল। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ঋতুপর্না-সাগরিকারা জয় উদযাপনের সময় কান্নায় ভেঙে পড়েন। তারা কাঁদতে কাঁদতে দল বেধে ছুটে গিয়ে শিউলিকে জড়িয়ে দলে জয়ের আনন্দ ভাগাভাগি করেন। যে দৃশ্য ছিল বিশেষ আবেগের।
ম্যাচশেষে অবিশ্বাস্য গোল উপহার দেওয়া ম্যাচসেরা পারফরমার ঋতুপর্না চাকমা বলেন, ‘অনেক ভালো লাগছে। এই ম্যাচটি অনেক কঠিন ছিল আমাদের জন্য। এই জয়টা আমরা আমাদের টিমমেট শিউলি দিদির মাকে উৎসর্গ করেছি।‘
ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীতের সময় মনমরা দেখা যায় শিউলিকে। তবে দলে যেভাবে খেলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনাল উঠল, তাতে একটু সময়ের জন্য হলেও মা হারা শিউলির মনে আনন্দ দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

