শিকড় ভুলে যাওয়া মানেই নিজের অস্তিত্ব বিলীন করা। সাফল্যের শিখরে পৌঁছে গেলে অনেকেই তা ভুলে যান। তবে সে কাজটি করেননি বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শত ব্যস্ততার মাঝেও প্রাণের অস্তিত্ব অতীতকে আঁকড়ে ধরে রেখেছেন একসময়ের দেশসেরা এই গোলরক্ষক।
ফুটবলের পাঠ চুকিয়ে নিজেকে সফল রাজনীতিবিদ হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন আমিনুল। তার ফুটবলের যাত্রাটা শুরু হয়েছিল মিরপুর সিটি ক্লাব থেকে। এরপর ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক শিরোপা জিতে ইতিহাস গড়েছেন তিনি। এখন এই ক্লাবটি ক্রিকেট, ফুটবল, দাবাসহ নানা ইভেন্টে সাফল্য পাচ্ছে।
সামাজিকমাধ্যমে সিটি ক্লাবের স্মৃতিচারণ করে আমিনুল লিখেছেন, ‘মিরপুর সিটি ক্লাব আমার খেলোয়াড়ি জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এ ক্লাব থেকেই আমার ফুটবলে হাতেখড়ি, যা আমাকে দেশের সর্বোচ্চ পর্যায়ে খেলার এবং দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ এনে দিয়েছিল। আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে এ ক্লাবের অবদান অনস্বীকার্য।’
আমিনুল আরো লিখেছেন, ‘আজ মিরপুর সিটি ক্লাবকে ফুটবল, ক্রিকেট ও দাবা—তিনটি খেলাতেই দেশের শীর্ষ লিগে উন্নীত হতে দেখে আমি সত্যিই গর্বিত। এই অসাধারণ অর্জনের জন্য ক্লাবের সব খেলোয়াড়, স্টাফ ও কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন।’ ভবিষ্যতেও নিজের স্মৃতিময় ক্লাবটি সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি লেখেন, ‘আমি আশা করি সামনের দিনগুলোতেও মিরপুর সিটি ক্লাব তাদের এই উচ্চ মান ও সাফল্যের ধারা বজায় রাখবে ইনশাল্লাহ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

