২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াড নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দল নির্বাচন, খেলোয়াড়দের ফর্ম, চোট সমস্যা ও বিশ্বকাপের আবেগঘন দিক নিয়ে মন্তব্য করেছেন তিনি।
মাশরাফির মতে, অন্য অনেক দল যেখানে ৯ জন রক্ষণভাগের খেলোয়াড় নিয়েছে, সেখানে আর্জেন্টিনা স্কোয়াডে রেখেছে ৮ জন। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন দারুণ ছন্দে থাকা এমিলিয়ানো বুয়েন্দিয়াকে দলে না নেওয়া নিয়ে। কয়েকদিন আগেই অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপীয় ফাইনালে গোল করেছিলেন এই মিডফিল্ডার। এছাড়া মার্কোস সেনেসিকেও দলে না রাখার বিষয়টি উল্লেখ করেছেন সাবেক টাইগার অধিনায়ক।
মিডফিল্ড ও আক্রমণভাগে খুব বেশি পরিবর্তন দেখছেন না মাশরাফি। তার মতে, পাওলো দিবালাকে বাদ দিলে আগের বিশ্বকাপের বেশিরভাগ খেলোয়াড়ই রয়েছেন বর্তমান দলে। রদ্রিগো ডি পলের ছন্দ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মাশরাফির ভাষায়, “ডি পল এত বাজে ছন্দে থেকেও সম্ভবত মেসির কারণেই দলে আছে।”
আর্জেন্টিনার সবচেয়ে বড় দুশ্চিন্তা হিসেবে চোট সমস্যাকেও সামনে এনেছেন তিনি। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আঙুল ভাঙা নিয়েই পুরো ফাইনাল খেলেছেন বলে উল্লেখ করেন মাশরাফি। এছাড়া সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো চোট কাটিয়ে ফিরলেও দীর্ঘদিন ম্যাচের বাইরে ছিলেন বলেও মনে করিয়ে দেন তিনি।
একই সঙ্গে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকেও কিছুটা ক্লান্ত দেখাচ্ছে বলে মন্তব্য করেন মাশরাফি। তবে দলে কয়েকজন ফুটবলারের বর্তমান ছন্দ নিয়ে আশাবাদী তিনি। বিশেষ করে লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের পারফরম্যান্সের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন সাবেক এই ক্রিকেটার।
পোস্টের শেষ অংশে বিশ্ব ফুটবলের তিন মহাতারকাকে নিয়েও আবেগঘন মন্তব্য করেন মাশরাফি। তার মতে, এবারের বিশ্বকাপই হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার ও মেসির শেষ বিশ্বকাপ। “দেখতে দেখতে ওদের ক্যারিয়ারের শেষ হয়ে গেল,”—লিখেছেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

