আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বড় ব্যবধানে হেরেও কাবরেরার উপলব্ধি ‘আমরা তাদের খুব কাছাকাছিই ছিলাম’

স্পোর্টস রিপোর্টার

বড় ব্যবধানে হেরেও কাবরেরার উপলব্ধি ‘আমরা তাদের খুব কাছাকাছিই ছিলাম’

র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচে বড় ব্যবধানে হারলেও পারফরম্যান্স নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিই দেখালেন দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন,
‘সত্যি বলতে, আমি মনে করি আমরা তাদের খুব কাছাকাছিই ছিলাম। আমরা যা দেখেছি, মূল পার্থক্যটা সম্ভবত তাদের ও আমাদের ফিনিশিংয়ের মধ্যেই ছিল। তারা যেভাবে নিজেদের পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়েছে; অন্যদিকে আমাদেরও সুযোগ ছিল। আমাদেরও গোল করার সুযোগ ছিল, কিন্তু শেষ কাজটা আমরা করতে পারিনি, যা অন্তত আমাদের ম্যাচে একটি গোল এনে দিতে পারত। আমাদের পরিকল্পনা অনুযায়ীই সব হয়েছে। হাই প্রেস, গোল কিক, ডিফেন্সিভ ব্লক এবং আমাদের বিল্ড-আপের ক্ষেত্রে আমরা সামনে এগোনোর এবং সুযোগ তৈরির পথ খুঁজে পেয়েছি।’

প্রথমার্ধেই তিন গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না খাওয়ায় সেই অংশের পারফরম্যান্সকেই ইতিবাচক হিসেবে দেখছেন কোচ। তিনি বলেন, ‘আমাদের পারফরম্যান্স খুবই ইতিবাচক ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। কিন্তু আজকের এই পরীক্ষা থেকে আমরা নিশ্চিতভাবে যা শিখেছি তা হলো, এই মানের দলের বিপক্ষে আজকে আমরা যে ভুলগুলো করেছি, তার মাশুল সবসময় ম্যাচ হেরেই দিতে হবে। আমরা দুটি সেট পিস থেকে গোল হজম করেছি এবং এমনকি তৃতীয় গোলটিও এমন ছিল যা আমরা চাইলে এড়াতে পারতাম।’

আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে এই ম্যাচটিকে প্রস্তুতির অংশ হিসেবেই দেখছেন ক্যাবরেরা। তার ভাষায়, ‘যাই হোক, সত্যি বলতে, আমি মনে করি এটি একটি খুব ইতিবাচক পরীক্ষা ছিল। এ ধরনের জাতীয় দলের তুলনায় আমরা এখন কোন অবস্থানে আছি, তা দেখার জন্য এটি দারুণ ছিল। এখন সময় এসেছে ইতিবাচক দিকগুলো গ্রহণ করার। ম্যাচে আমাদের অনেক ইতিবাচক দিকও ছিল, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জেতার জন্য সেগুলোকে এখন সঠিক উপায়ে কাজে লাগানোর চেষ্টা করতে হবে।’

সব মিলিয়ে বড় ব্যবধানে হারলেও পারফরম্যান্স থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর দিকেই নজর দিচ্ছে বাংলাদেশ দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন