আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়ল ঘরোয়া ফুটবল ক্লাব ফর্টিস এফসি। আজ ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে ফর্টিস ১-০ গোলে হারায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে। জয়সূচক গোলটি করেন মো. ইব্রাহিম। এই জয়ে টুর্নামেন্টের মূল পর্বে উঠল ফর্টিস।
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) গত মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ ঢাকা আবাহনী ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে। তাই লিগে তৃতীয় হওয়ায় চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পায় ফর্টিস। আন্তর্জাতিক অঙ্গনে জয় দিয়ে যাত্রা করল দেশের ফুটবলের সম্ভাবনাময় এ ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই সফরকারী মুরাসের বিপক্ষে একের পর এক সুযোগ তৈরি করে ফর্টিস। তবে কিছুতেই গোল আসছিল না। ২২ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে মুরাসের গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি ফর্টিসের ওমর বাবু। বল সাইড পোস্টে লেগে বাইরে চলে যায়। মুরাসও প্রতিরোধ করার চেষ্টা করে। তবে প্রথমার্ধে কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে মুরাস বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে। কিন্তু ফর্টিসের শ্রীলঙ্কান গোলকিপার সুজন পেরেরার দক্ষতায় সফল হতে পারেনি তারা। ৫২ মিনিটে ফর্টিসকে আনন্দের উপলক্ষ এনে দেন ইব্রাহিম। ধারার বিপরীতে গিয়ে দারুণ এক গোল উপহার দেন তিনি। ওমর বাবুর থ্রু থেকে বল পেয়ে ডান পায়ে নিয়ন্ত্রণে নেন। এরপর বাঁ পায়ের শটে গোল করেন ইব্রাহিম। ৫৬ মিনিটে আরো একটি গোল পেতে পারত ফর্টিস। কিন্তু মুরাস গোলকিপারের দুর্দান্ত সেভে স্কোরলাইন বাড়াতে পারেনি তারা। ৭৪ মিনিটে মাদানভ ইসমইলোভিচের শট বক্সের ভেতর এরিক বিস্তার হাতে লাগলে পেনাল্টি পায় মুরাস। তবে পেনাল্টি থেকে গোল করে মুরাসকে ম্যাচে ফেরাতে পারেননি আতাবায়েভ এরবল। তার নেওয়া ডান পায়ের শটে বল সাইড পোস্টে লেগে ফিরে আসে। ফলে শেষ পর্যন্ত ঐতিহাসিক ম্যাচে স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিসের খেলোয়াড়রা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

