সিনিয়র দলের মতো বয়সভিত্তিক দলেও প্রবাসী প্রতিভা যুক্ত করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রবাসী রোনান সুলিভান ও ডেকলান সুলিভানকে নিয়ে সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ। এই সাফল্যের ধারাবাহিকতায় বাফুফের টার্গেট এখন এশিয়ান কাপ। এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করতে প্রবাসীদের দলে ভেড়ানোর উদ্যোগ আরো জোরালো করেছে বাফুফে। অনূর্ধ্ব-২০ দলে যোগ দিচ্ছেন আরো দুই প্রবাসী।
এক ভিডিও বার্তায় বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানালেন, ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই সামনে রেখে তাদের দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বাফুফে। ১৯ বছর বয়সি অ্যাডাম আব্বাস রাইট উইঙ্গার। ইংল্যান্ডের শীর্ষ ক্লাবের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
জানা যায়, তার খেলার ভিডিও ফুটেজ ও পারফরম্যান্স বিশ্লেষণ করে বাফুফের টেকনিক্যাল টিম রীতিমতো মুগ্ধ হয়েছে। আগামী জুনের মধ্যেই অ্যাডামের পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন হবে। অন্যদিকে, ১৮ বছর বয়সি সেন্টারব্যাক জিদান ইউসুফ। এরই মধ্যে তার পাসপোর্ট সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার বর্তমানে ওয়ালটন অ্যান্ড হের্শাম এফসির মূল দলের হয়ে খেলছেন। তার পারফরম্যান্স নিয়েও ইতিবাচক মূল্যায়ন এসেছে এবং শিগগিরই তাকে অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে ডাকা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

