গ্রাসরুট ফুটবলের উৎসবে স্মৃতিকাতর স্পিকার, স্বপ্ন দেখাল যশোরের একাডেমি

স্পোর্টস রিপোর্টার

গ্রাসরুট ফুটবলের উৎসবে স্মৃতিকাতর স্পিকার, স্বপ্ন দেখাল যশোরের একাডেমি

ফিফা ও এএফসির নির্দেশনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে দেশের পাঁচটি ভেন্যুতে পালিত হয়েছে ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’। খুদে ফুটবলারদের অংশগ্রহণে জমজমাট ফুটবল উৎসবের অন্যতম কেন্দ্র ছিল যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি।

বিজ্ঞাপন

দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তার উপস্থিতিতে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে একাডেমি প্রাঙ্গণে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস, পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জায়ান আজিজ এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

নিজের বক্তব্যে নাসের শাহরিয়ার জাহেদী বলেন, স্পিকারের উপস্থিতি একাডেমির শিশু-কিশোর ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

খুদে ফুটবলারদের খেলা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই আয়োজন তাকে ফিরিয়ে নিয়েছে তারুণ্যের স্মৃতিতে। যশোরের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, যশোর ক্যান্টনমেন্টে দায়িত্ব পালন এবং মুক্তিযুদ্ধের স্মৃতি তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। শামসুল হুদার নামে স্টেডিয়াম ও একাডেমি প্রতিষ্ঠাকে তিনি দেশের ফুটবলের জন্য ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

স্পিকার আরও বলেন, নাসের জাহেদীর মতো আরও কয়েকজন ক্রীড়াপ্রেমী উদ্যোক্তা থাকলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেতে পারত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই একাডেমি থেকেই ভবিষ্যতে দেশের ফুটবলের নতুন তারকারা উঠে আসবে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, গ্রাসরুট ফুটবল উন্নয়নে বাফুফে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি বলেন, আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে এবং মেধাবী ফুটবলারদের বিদেশে প্রশিক্ষণের সুযোগও তৈরি করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস একাডেমির অবকাঠামো ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তার মতে, এমন আধুনিক সুযোগ-সুবিধা ভবিষ্যতের ফুটবলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যশোর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে হামিদপুরে গড়ে ওঠা এই একাডেমি ইতোমধ্যেই ক্রীড়াপ্রেমীদের নজর কাড়ছে। আয়োজকদের বিশ্বাস, সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে এখান থেকেই উঠে আসবে আগামী দিনের লাল-সবুজের প্রতিনিধিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...