ফুটবল /৬৪ ম্যাচেই ইতিহাস, এমএলএসে দ্রুততম ‘১০০’ ছুঁলেন মেসি

স্পোর্টস ডেস্ক

৬৪ ম্যাচেই ইতিহাস, এমএলএসে দ্রুততম ‘১০০’ ছুঁলেন মেসি

আরেকটি ম্যাচ, আরেকটি রেকর্ড। লিওনেল মেসি আবারও দেখালেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বলা হয়। মেজর লিগ সকার-এ দ্রুততম ১০০ গোল অবদানের রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

ইন্টার মায়ামির হয়ে টরন্টো এফসির মাঠে ৪-২ গোলের জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন মেসি। এর মধ্য দিয়েই মাত্র ৬৪ ম্যাচে ১০০ গোল-অ্যাসিস্টের মাইলফলকে পৌঁছে যান তিনি। এমএলএস ইতিহাসে এত দ্রুত এই কীর্তি গড়তে পারেননি আর কেউ।

এর আগে দ্রুততম এই রেকর্ডটি ছিল সেবাস্তিয়ান জিওভিঙ্কোর দখলে। তবে শততম গোল অবদান রাখতে তার খেলতে হয়েছিল আরও ৩১টি ম্যাচ বেশি।

২০২৩ সালে ইউরোপের ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মেসি। এরপর থেকে এখন পর্যন্ত ইন্টার মায়ামির জার্সিতে করেছেন ৫৯ গোল, সঙ্গে ৪১টি অ্যাসিস্ট। তার নেতৃত্বেই ইতোমধ্যে একাধিক শিরোপা জিতেছে দক্ষিণ ফ্লোরিডার ক্লাবটি।

টরন্টোর মাঠে ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল মায়ামি। প্রথমার্ধের শেষদিকে রদ্রিগো ডি পল-এর ফ্রি-কিক থেকে ফেরত আসা বলে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ৫৬ মিনিটে মেসির পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ।

৬৮ মিনিটে মেসির সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করেন সার্জিও রেগুইলন। আর ৭৫ মিনিটে নিজেই গোল করে স্কোরলাইন ৪-০ করেন মেসি। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ডি পলের সঙ্গে ওয়ান-টু খেলে বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

যদিও ম্যাচের শেষদিকে কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করে টরন্টো এফসি। ৮২ ও ৯০ মিনিটে জোড়া গোল করেন এমিলিও আরিস্তিজাবাল। তবে তাতে জয় নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি মায়ামির।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের দুই নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল এসসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন