২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৩৩ দিন। তবে এখনো বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল বা সম্প্রচারমাধ্যম বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনতে পারেনি। ফলে বড় শঙ্কা তৈরি হয়েছে—বাংলাদেশি দর্শকরা হয়তো এবার টিভিতে বিশ্বকাপ দেখতে পারবেন না।
জানা গেছে, বিশ্বকাপের মিডিয়া স্বত্ব পাওয়া সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড সম্প্রচারস্বত্বের জন্য প্রায় ১৫১ কোটি টাকা দাবি করেছে। কর ও ভ্যাট যোগ হলে খরচ প্রায় ২০০ কোটিতে পৌঁছাতে পারে।
অতিরিক্ত মূল্য, সীমিত বিজ্ঞাপন বাজার এবং ম্যাচের সময়সূচিকে মূল সমস্যা হিসেবে দেখছে সম্প্রচারমাধ্যমগুলো। সূচি অনুযায়ী, ১০৪ ম্যাচের অর্ধেকই বাংলাদেশ সময় ভোরের দিকে অনুষ্ঠিত হবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার এই মুহূর্তে সম্প্রচারস্বত্ব কেনার বিষয়ে আগ্রহী নয়।
এদিকে টি স্পোর্টসসহ কয়েকটি প্রতিষ্ঠান কম মূল্যে আগ্রহ দেখালেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। তার আগে সমাধান না হলে কোটি কোটি বাংলাদেশি ফুটবলপ্রেমী টেলিভিশনে বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

