চোটে মৌসুম শেষ হয়ে গেলেও দারুণ এক অর্জনে নিজের নাম ইতিহাসে লিখিয়েছেন লামিনে ইয়ামাল। লা লিগার এপ্রিল মাসের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।
বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর নিশ্চিত হয়েছে, চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। তবে এমন হতাশার মধ্যেই এল এই বড় স্বীকৃতি।
এপ্রিল মাসের সেরা হওয়ার দৌড়ে ইয়ামাল পেছনে ফেলেছেন ভেদাত মুরিকি, কার্লোস সোলের, লুকাস বোয়ে এবং ফেদে ভিনাস-কে। শুক্রবার এই ঘোষণা দেয় লা লিগা কর্তৃপক্ষ।
এই নিয়ে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো মাসসেরা হলেন ইয়ামাল। এর আগে নভেম্বর ও ডিসেম্বরে এই পুরস্কার জিতেছিলেন তিনি। লা লিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে তিনবার মাসসেরা হওয়ার কীর্তিও গড়লেন এই ১৮ বছর বয়সী তারকা।
এপ্রিলে বার্সেলোনা খেলেছে তিনটি ম্যাচ, আর তিনটিতেই জয় পেয়েছে দলটি। এই তিন ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইয়ামাল।
অ্যাটলেটিকো মাদ্রিদ-এর বিপক্ষে গোল না পেলেও পারফরম্যান্সে ছিলেন উজ্জ্বল। আর এস্পানিওল-এর বিপক্ষে এক গোল ও দুই অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক বনে যান। এরপর সেল্তা ভিগো-র বিপক্ষেও গোল করেন তিনি।
সব মিলিয়ে, চোটের কারণে মাঠের বাইরে চলে গেলেও পারফরম্যান্স দিয়ে এপ্রিল মাসটা নিজের করে নিয়েছেন ইয়ামাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

