ইনফান্তিনোর সমর্থনে বাংলাদেশ

ইনফান্তিনোর সমর্থনে বাংলাদেশ

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি করার পরিকল্পনা করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইনফান্তিনো-ইস্যুতে পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছে পুরো ফুটবল বিশ্ব। ইনফান্তিনোর বিরুদ্ধে এখনো অনড় অবস্থানেই রয়েছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অবস্থানও ফিফা সভাপতির বিরুদ্ধে। ইউরোপের অনেক দেশ ফিফা সভাপতির প্রকাশ্যে বিরোধিতা করছে। নরওয়ে সরাসরি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছে। এছাড়া জার্মানি, ওয়েলস, সার্বিয়া, সুইডেন, গ্রিস, আলবেনিয়া, ইংল্যান্ড, জর্ডান, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, রোমানিয়া ফিফা সভাপতির স্পষ্ট বিরোধী দেশ। আবার অনেক দেশ প্রকাশ্যে ইনফান্তিনোকে সমর্থনও জানিয়েছে এবং তার পক্ষে অবস্থান নিয়েছে। কিছু দেশ ফিফা সভাপতির বিরুদ্ধে কোনো কথা বলেনি, বরং তারা নীরব অবস্থানে রয়েছে। এর মানে সেই দেশগুলো ইনফান্তিনোর প্রতি সমর্থন ও আনুগত্য বজায় রেখেছে। সেই তালিকার দেশগুলোর মধ্যে আছে বাংলাদেশের নামও। ইনফান্তিনো ইস্যুতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত কৌশলগত। আর বাংলাদেশের এই কৌশলগত নীরব অবস্থানই বলে দিচ্ছে- ইনফান্তিনোর সমর্থনেই আছে বাংলাদেশ। ফিফা সভাপতির সমর্থনে থাকা দেশগুলোর মধ্যে তালিকায় নাম রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, মিসর, শ্রীলঙ্কা, ডিআর কঙ্গো, জিবুতি, লেবানন, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, কুয়েত, গাম্বিয়া, মেক্সিকো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ভুটানের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন