মরগান রজার্সের রেকর্ড ট্রান্সফারে চেলসির চমক

মরগান রজার্সের রেকর্ড ট্রান্সফারে চেলসির চমক

ইংলিশ ফুটবলে ট্রান্সফার ফির নতুন ইতিহাস গড়ল চেলসি। অ্যাস্টন ভিলা ছেড়ে স্টামফোর্ড ব্রিজে যোগ দিয়েছেন প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড মরগান রজার্স। আনুষ্ঠানিকভাবে চুক্তির অর্থ প্রকাশ না করা হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, ১১ কোটি ৭০ লাখ পাউন্ডের বিনিময়ে ২৩ বছর বয়সি এই ইংলিশ তারকাকে দলে ভিড়িয়েছে ব্লুজরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক হাজার ৯৩৩ কোটি টাকা। এর মাধ্যমে ব্রিটিশ ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার নতুন রেকর্ড গড়লেন রজার্স। সম্প্রতি নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে রেকর্ড গড়েছিলেন এলিয়ট অ্যান্ডারসন, যাকে অল্প কদিনের ব্যবধানে পেছনে ফেললেন রজার্স।

লন্ডনের প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির সঙ্গে ২০৩৩ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন এই অ্যাটাকার। নতুন ক্লাবে চেলসির নতুন কোচ জাবি আলোনসোর অধীনে খেলার বিষয়টিকে নিজের দারুণ সুযোগ হিসেবে দেখছেন রজার্স। শৈশব থেকেই চেলসির সমর্থক জানিয়ে তিনি বলেন, লন্ডনের সেরা এই ক্লাবের হয়ে নতুন মৌসুমে মাঠে নামার জন্য মুখিয়ে আছি।

বিজ্ঞাপন

রজার্সের ক্যারিয়ারের উত্থান বেশ প্রশংসনীয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাত্র ৮০ লাখ পাউন্ডে মিডলসব্রো থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়ে নজর কাড়েন। ভিলার হয়ে প্রিমিয়ার লিগে ৮৫ ম্যাচে ২১ গোল করার সঙ্গে দলকে লিগের শীর্ষ চারে নিয়ে যাওয়া এবং ইউরোপা লিগের শিরোপা জয়ে অসামান্য ভূমিকা রাখেন। ২০২৪ সালের নভেম্বরে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হওয়া রজার্স ইতোমধ্যে থ্রি লায়ন্সদের হয়ে ২২ ম্যাচ খেলে ফেলেছেন।

আক্রমণভাগে রজার্সের এই চোখ ধাঁধানো যোগদান চেলসিকে শিরোপা লড়াইয়ে আরো শক্তিশালী ও ধারালো করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন