স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১২টায় অস্ট্রেলিয়ায় পা রেখেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সিডনিতে শনিবার সকালেই কোচ পিটার বাটলার শিষ্যদের নিয়ে সেরে নিয়েছেন অনুশীলন। পরে বিকালে হয়েছে জিম সেশন। আজ রোববারও মাঠে অনুশীলন সেরে নিয়েছে আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের মতো নিজেদের ঝালাই করে নিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা।
নিজেদের মধ্যে ম্যাচও খেলেছেন আফঈদা-ঋতুপর্ণারা। অনেকটা ম্যাচ সিনারিও অনুশীলন সেরে নিয়েছেন তারা। ঋতুপর্ণাদের সঙ্গে সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকীও চেষ্টা করছেন খাপ খাইয়ে নিতে। নিজেকে একটু একটু করে গড়ে নিচ্ছেন প্রথমবারের মতো লাল-সবুজ জার্সিতে খেলতে।
দেশের নারী ফুটবলারদের নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ঢাকায় ক্যাম্প করেছেন কোচ পিটার বাটলার। সেই ক্যাম্পে অধিনায়ক আফঈদার ‘রুমমেট’ ছিলেন আনিকা। অস্ট্রেলিয়াতেও এখন তিনি আফঈদার সঙ্গে থাকছেন। গতকাল রোববার দ্বিতীয় দিনের প্রস্তুতি নিয়ে কথা বলার সময় আনিকা জানিয়েছেন, দলের বাকি সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়া আরো শক্ত হচ্ছে।
সতীর্থদের সঙ্গে নিজের সম্পর্ক গভীর হচ্ছে জানিয়ে আনিকা বলেন, ‘আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম, তবে আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন এটি আরো উন্নত হচ্ছে। আমি আবারও আফঈদার সঙ্গেই থাকছি এবং আমরা এখানে সিডনিতে খুব মজা করছি। আর হ্যাঁ, দলের সবার মধ্যকার বোঝাপড়া বা বন্ডিং আরো ভালো হচ্ছে।’
তবে সিডনির ২৮ ডিগ্রি সেলসিয়াস গরম তাকে একটু সমস্যায় ফেলছে। এটাই তার একমাত্র অস্বস্তির জায়গা। সেটাও মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, ‘সত্যি বলতে আবহাওয়া নিয়ে আমার একটু কষ্ট হচ্ছে। আমি এখনো এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের চেয়ে এখানকার আবহাওয়া অনেক বেশি গরম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
চলতি ফেব্রুয়ারির শুরুর দিকে ক্যাম্প ও প্রাথমিক দলে জায়গা করে নেন আনিকা। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে খেলা এই ফুটবলারের ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয়েছে গত মাসে সুইডিশ কাপ দিয়ে। ২১ বছরের এ মাঝ মাঠের খেলোয়াড়কে নিয়েই অস্ট্রেলিয়া সফরে আছেন কোচ পিটার বাটলার।
অস্ট্রেলিয়ার তিন শহরের পাঁচ ভেন্যুতে ১ মার্চ থেকে শুরু হচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ। শেষ হবে ২১ মার্চ। অস্ট্রেলিয়ার মাটিতে এ টুর্নামেন্টে বাংলাদেশ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে। ৩ মার্চ সিডনিতে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। পরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬ মার্চ একই ভেন্যুতে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে নামবে পার্থ স্টেডিয়ামে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

