নিষেধাজ্ঞায় থাকা বসুন্ধরা কিংসের বিরুদ্ধে আরো দুটি অভিযোগ জমা পড়ল ফিফায়। ক্লাবটির নামের পাশে এখন অভিযোগের সংখ্যা ১৪। ফলে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে কিংসের অংশগ্রহণ ঘিরে শঙ্কা আরো ঘণীভূত হলো। অন্যদিকে ফিফার নিষেধাজ্ঞায় থাকা আরেক ক্লাব আবাহনীর বিরুদ্ধে তিনটি অভিযোগের মধ্যে দুটি প্রত্যাহার করা হয়েছে। আর একটি অভিযোগ প্রত্যাহার হলেই নতুন মৌসুমে খেলতে পারবে ক্লাবটি। সবশেষ বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনীর জন্য লাইসেন্সিংয়ের শর্ত পূরণের জন্য ১১ আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়েছিল ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এ সময়ের মধ্যে দুটি দলই ক্লাব লাইসেন্সিং করতে ব্যর্থ হয়েছে। যে কারণে ক্লাব দুটির জন্য শেষ তারিখ ১৩ আগস্টের মধ্যে খেলোয়াড় নিবন্ধন কঠিন হয়ে পড়ল। বাফুফে সূত্রে জানা যায়, শীর্ষ দুটি ক্লাবের জন্য লাইসেন্সিংয়ের সময়সীমা আরো বাড়তে পারে।
কঠিন সংকটের মধ্য দিয়ে যাওয়া আবাহনী ক্লাবের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানান, ১৩ আগস্টের মধ্যে খেলোয়াড় নিবন্ধন শেষ করা খুব কঠিন। ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। আবাহনীর চাওয়া, বাফুফে যেন খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা আরো বাড়িয়ে দেয়। খেলোয়াড় ও কোচদের পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ না করায় ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে কিংস ও আবাহনী। আবাহনীর নিষেধাজ্ঞামুক্ত হওয়ার আশা থাকলেও কিংসকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত যদি দুটি ক্লাব লিগে অংশ নিতে না পারে, সেজন্য বিকল্প চিন্তা করে রেখেছে বাফুফে। গত মৌসুমে অবনমন হওয়া দুটি দলকে এবার খেলার সুযোগ দেওয়া হয়েছে। অবশ্য ফিফার নিষেধাজ্ঞায় রয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্সও। তবে নতুন মৌসুমে খেলতে আশাবাদী ক্লাবটি। তাছাড়া চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে আসা দুটি দলও লিগে খেলবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

