আর্জেন্টিনার বিকল্প অতন্দ্র প্রহরী রুলি, নাকি মুসো

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার বিকল্প অতন্দ্র প্রহরী রুলি, নাকি মুসো

বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ঠিক এই মুহূর্তে বড়সড় এক ধাক্কা খেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবির। দলের এক নম্বর ও নির্ভরযোগ্য গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরে তৈরি হয়েছে গভীর দুশ্চিন্তা। হাতে চোট থাকায় বর্তমানে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দলের কোচিং স্টাফরা।

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্তিনেজের খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া না গেলেও, তিনি পুরোপুরি ফিট হতে পারবেন কি না তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। এই পরিস্থিতিতে কোচ লিওনেল স্কালোনি তার বিকল্প গোলরক্ষক চূড়ান্ত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। আগামী ৬ ও ৯ জুন যথাক্রমে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচকে মার্তিনেজের বিকল্প নির্ধারণের মঞ্চ হিসেবে ব্যবহার করবে আলবিসেলেস্তেরা। যেখানে মূল লড়াইটা হবে দলের অন্য দুই গোলরক্ষক গোরোনিমো রুলি ও হুয়ান মুসোর মধ্যে।

পরিসংখ্যান ও অভিজ্ঞতার বিচারে এক নম্বর পজিশনের বিকল্প হিসেবে কিছুটা এগিয়ে রয়েছেন ফরাসি ক্লাব মার্সেইয়ের ৩৪ বছর বয়সি গোলরক্ষক গোরোনিমো রুলি। আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে তিনি এ পর্যন্ত ৭টি অফিশিয়াল ম্যাচ খেলেছেন, যার একটিতেও হারেনি দল এবং গোল হজম করেছেন মাত্র ২টি। রুলির সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৪ সালের নভেম্বরে পেরুর বিপক্ষে, যেখানে আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছিল। তা ছাড়া, ২০২২ ফিফা বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ফলে বড় টুর্নামেন্টের চাপ সামলানোর দারুণ অভিজ্ঞতা রয়েছে তার।

তবে রুলি অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম নিয়ে তাকে কড়া টক্কর দিচ্ছেন হুয়ান মুসো। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে মৌসুমের শেষ দিকে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। ক্লাবের মূল গোলরক্ষক ইয়ান অবলাকের চোটের কারণে সুযোগ পেয়ে অ্যাটলেটিকোকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুসো। ২০২৬ সালে এ পর্যন্ত খেলা ১২টি ম্যাচে তার পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। আর্জেন্টিনার জার্সিতে তার আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা কম হলেও, বর্তমান ফর্মের কারণে তাকে অবহেলা করার সুযোগ নেই।

আপাতত দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্তিনেজের জায়গা সম্পূর্ণ অটুট। তবে চোটের কারণে তিনি প্রথম ম্যাচে ছিটকে গেলে কে সামলাবেন আর্জেন্টিনার পোস্ট, তা হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ দুটি থেকেই পরিষ্কার হবে। তবে স্বস্তির বিষয় এই যে, মার্তিনেজের বিকল্প হিসেবে আর্জেন্টিনার হাতে রুলি ও মুসোর মতো দুটি নির্ভরযোগ্য নাম রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...