সুয়ারেজের জোড়ায় জিতল মেসিবিহীন মায়ামি

সুয়ারেজের জোড়ায় জিতল মেসিবিহীন মায়ামি

বিশ্বকাপ শেষে বিশ্রামে রয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন অধিনায়কের অনুপস্থিতিতেও জয়যাত্রা থামেনি ইন্টার মায়ামির। উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের জোড়া গোলের অনুপ্রেরণায় মেজর লিগ সকারে (এমএলএস) শিকাগো ফায়ারকে ৩-২ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

বিজ্ঞাপন

বিশ্বকাপ বিরতির পর লিগে ফেরার ম্যাচটি ছিল সুয়ারেজের জন্যও বিশেষ। ইন্টার মায়ামির জার্সিতে এটি ছিল তার ১০০তম ম্যাচ। সেই মাইলফলকের ম্যাচেই দুই গোল করে স্মরণীয় করে রাখলেন অভিজ্ঞ এই স্ট্রাইকার।

শিকাগো ফায়ারের হয়ে অভিষেক হয় সদ্য বার্সেলোনা ছেড়ে আসা পোলিশ তারকা রবার্ট লেওয়ানডফস্কির। তবে তার অভিষেকের আলো ছাপিয়ে যান সুয়ারেজই।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি মায়ামির। ১৭ মিনিটে ইয়ান ফ্রের ধীরগতির ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন গোলরক্ষক রিওস নোভো। তার ভুলে বল জড়িয়ে যায় নিজেদের জালেই, আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৭ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান সুয়ারেজ। বিরতির পর ৫১ মিনিটে আবারও গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা শিকাগোর পুসো দিথেয়ান পাঁচ মিনিটের মধ্যেই গোল করে ম্যাচে সমতা ফেরান। ২-২ অবস্থায় ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছিল।

কিন্তু শেষ হাসি হেসেছে ইন্টার মায়ামিই। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সুয়ারেজের নেওয়া শট প্রতিহত করেন শিকাগোর গোলরক্ষক। ফিরতি বলে দারুণ ফিনিশিংয়ে জয়সূচক গোলটি করেন প্রেস্টন প্লামব্যাক। তাতেই ৩-২ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১৬ ম্যাচ শেষে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন