ঢাকা-ময়মনসিংহ রেলপথে গফরগাঁওয়ে একের পর এক বগি লাইনচ্যুত, ইঞ্জিন বিকলের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ রেলপথে ট্রেন লাইনচ্যুতির ঘটনা এখন নিয়মে পরিণত হয়েছে। গফরগাঁওয়ে তিন মাসে ছয়বার ট্রেন লাইচ্যুতির ঘটনা ঘটেছে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যাত্রীদের কাছে অনিশ্চিত হয়ে উঠেছে। এসব দুর্ঘটনায় ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকছে রেল যোগাযোগ। এর সঙ্গে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনেরও লাইনচ্যুত হওয়ার ঘটনা। ফলে এ রেলপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দিন দিনই বাড়ছে। দেরিতে হলেও এখানকার রেলপথ মেরামতে স্লিপার স্থাপন শুরু হয়েছে।
জানা গেছে, সর্বশেষ গত শনিবার সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়। প্রায় সোয়া দুই ঘণ্টা পর ইঞ্জিন সচল হলে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে গত ৭ আগস্ট গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় সাড়ে সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
এ নিয়ে গফরগাঁওয়ে গত তিন মাসে ছয়বার ট্রেন লাইচ্যুতির ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, গফরগাঁওয়ে বারবার ট্রেন লাইনচ্যুত হয় বহু বছরের পুরোনো রেললাইনের কারণে। আবার বিভিন্ন স্থানে রেললাইন ভেঙে গিয়েছিল। এখন পুরাতন লাইন সরিয়ে নতুন করে বসানো হচ্ছে। এখানে লাইন যেমন ঝুঁকিপূর্ণ, সে সঙ্গে রেলপথেও পাথর কম ছিল।
এ ব্যাপারে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুরের শ্রীপুর থেকে সুতিয়াখালী পর্যন্ত পুরাতন রেললাইন সরিয়ে নতুন লাইন, স্লিপার, ব্যালেস্টিক, পোলিংব্যাগসহ আরো বেশকিছু কাজ চলমান রয়েছে। তিনি আরো জানান, পুরাতন রেললাইন থাকায় ট্রেনের গতিও কম ছিল। চলমান কাজ শেষ হলে এ পথে ট্রেন চলাচল ঝুঁকিমুক্ত হওয়ার পাশাপাশি বাড়বে ট্রেনের গতিও।
বারবার ট্রেন লাইচ্যুতির ঘটনা নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন স্থানীয় এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। এছাড়াও এমপি বাচ্চু ব্রিটিশ আমলে নির্মিত গফরগাঁও, মশাখালী রেলস্টেশন সংস্কার, যাত্রীদের বিশ্রামাগার নির্মাণ, জিআরপি পুলিশ, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন, পুরোনো লোকোমোটিভের স্থলে নতুন লোকোমোটিভ, জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর ডুয়েলগেজ রেললাইন নির্মাণের জন্য সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন। এমপি বাচ্চুর প্রচেষ্টায় ময়মনসিংহ-১০ গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার আওতাধীন গফরগাঁও রেলস্টেশন, মশাখালী রেলস্টেশনসহ অন্যান্য এলাকায় রেললাইন, স্লিপার গত শনিবার থেকে পরিবর্তনসহ সংস্কার শুরু হয়েছে। এমপি আক্তারুজ্জামান বলেন, রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম, মহাপরিচালক আফজাল হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

