আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রোমাঞ্চিত হামজা মাঠে ফেরার অপেক্ষায়

স্পোর্টস রিপোর্টার

রোমাঞ্চিত হামজা মাঠে ফেরার অপেক্ষায়

ভিয়েতনামে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকালে হ্যানয়ে দলের সঙ্গে যুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা চৌধুরীর ইংল্যান্ড থেকে ভিয়েতনামে পৌঁছানোর কথা ছিল। ক্লাব ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ের দুদিন পর ভিয়েতনামে পৌঁছেছেন হামজা। ইংল্যান্ড থেকে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হয়ে স্থানীয় সময় বিকাল চারটায় হ্যানয়ে পা রাখেন তিনি। জাতীয় দলের ম্যানেজার আমের খান বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে রিসিভ করেন।

ইস্তানবুল হয়ে দীর্ঘ ভ্রমণ শেষে ভিয়েতনামে পৌঁছেছেন হামজা চৌধুরী। সতীর্থদের পেয়ে সব কষ্ট ভুলে গেছেন। দলের সঙ্গে যোগ দিতে পেরে যারপরনাই খুশি এ মেগাস্টার। নিজের ভ্রমণ নিয়ে হামজা বলেন, ‘খুব বেশি কষ্ট হয়নি। ভালো আছি। দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত আমি। দলের সঙ্গে এখন ম্যাচ খেলার অপেক্ষায় আছি।’ ভিয়েতনামের অচেনা কন্ডিশনে কোনো সমস্যা হচ্ছে না। হাঁটুর সমস্যাটাও নেই। ভক্ত-সমর্থকদের সেই অভয় দিয়ে রাখলেন হামজা, ‘কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। ভালো লাগছে।’ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি এ তারকা ফুটবলার। বলেন, ‘ঈদ মোবারক’।

বাংলাদেশ ফুটবল দল ভিয়েতনামে পৌঁছেছে শনিবার। গতকাল বিকালে দলের অনুশীলন হয়েছে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তির কারণে হামজার মাঠে নামার সম্ভাবনা কম। আগামীকাল ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর দলটি সিঙ্গাপুরে যাবে, যেখানে ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ রয়েছে। দুই ম্যাচ শেষেই দল ঢাকায় ফিরবে, আর হামজা ফিরে যাবেন ইংল্যান্ডে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন