জনমত জরিপ ছিল নেইমার জুনিয়রেরই পক্ষে। কিন্তু তার ফিটনেস রিপোর্ট আর সাম্প্রতিক পারফরম্যান্স ছিল না এ মেগাস্টারের অনুকূলে। তাই তো গত কয়েক মাস ধরে বিশ্ব ফুটবলে একটি আলোচনাই বেশি হয়েছে। আর সেটি হলো নেইমার জুনিয়রের বিশ্বকাপ খেলার সম্ভাবনা। চোট, অস্ত্রোপচার ও ফিটনেস ইস্যুতে এ সুপারস্টার বিশ্বমঞ্চে হয়ে পড়েছিলেন অনিশ্চিত। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নেইমার। তাকে নিয়েই হেক্সা জয়ের মিশনে নামছে কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিল।
নেইমারের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে ব্রাজিলজুড়ে যেন শুরু হয়ে যায় উল্লাস আর হর্ষ-ধ্বনি। উৎসব আর উন্মাদনায় মেতে ওঠে ফুটবলপ্রেমীরা। ব্রাজিল দল ঘোষণার কথা ছিল রাত ২টায়। কিন্তু আনচেলত্তির কণ্ঠে নেইমারের নামটা শুনতে রাত ৩টা পর্যন্তও অনেকে জেগেছিলেন। এতে বিশ্বকাপের রস আস্বাদনের জন্য ছোটখাটো একটা প্রস্তুতি পর্ব সেরে নিলেন ভক্ত-সমর্থকরা। আর তার মাধ্যমে বিশ্বকাপের সত্যিকারের আমেজও শুরু হয়ে গেল পাঁচবারের সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল দলের নাম ঘোষণার মধ্য দিয়ে।
রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে সোমবার রাতে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবে সেখানে সবচেয়ে কাঙ্ক্ষিত নামটি ছিল নেইমার। শেষদিকে আনচেলত্তির কণ্ঠে নেইমার জুনিয়রের নাম উচ্চারিত হতেই সংবাদ সম্মেলনস্থলে সবাই আনন্দে মেতে ওঠেন। তুমুল করতালিতে উচ্ছ্বাসে ভেসে যান উপস্থিত সব অতিথি। ব্রাজিলের রাস্তায় যেন বয়ে যায় ‘বিশ্ব জয়ে’র খুশির সুবাস।
অ্যালিসন বেকার, মার্কুইনহোস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা, এন্দ্রিক, ম্যাথুস কুনহা, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র অনুমিতভাবেই ডাক পেয়েছেন দলে। তবে দলে জায়গা না পাওয়া বড় চমকগুলোর মধ্যে অন্যতম হলেন রদ্রিগো। আর এস্তেভাও তো দর্শক হয়ে গেছেন চোটের জন্য।
ইতালিয়ান কোচ আস্থা রেখেছেন পরীক্ষিত ও নির্ভরযোগ্য ফুটবলারদের ওপর। তাদের সবচেয়ে বড় তারকা আর কেউ নন- ১০ নম্বর জার্সিধারী নেইমার। ব্রাজিলের বিশ্বকাপ দলে চমক নেই খুব একটা। পুরো রক্ষণাত্মক দলও গড়েনি আনচেলত্তি। বরং পুরোনো নির্ভরযোগ্য স্টার খেলোয়াড়দের সঙ্গে নতুন শক্তির মধ্যে ভারসাম্য আনারই চেষ্টা করেছেন আনচেলত্তি। মাঠে সবসময় নেতৃত্ব দেন না নেইমার। ব্রাজিলের এবারের বিশ্বকাপ দলের মধ্যমণি এখন নেইমারই। কেননা, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়রকে দলের প্রধান ভরসা মনে করলেও এখনো তারা জাতীয় দলে দুর্দান্ত পারফরম্যান্সের ছন্দটা ধরে রাখতে পারেননি। নেইমার দলে থাকায় রাফিনহা ও ভিনির ওপর থেকে চাপ অনেকটা কমে গেছে নিঃসন্দেহে। এখন তারা খেলতে পারবেন স্বচ্ছন্দে।
সেলেসাওদের পুরো দলে অভিজ্ঞতার ছড়াছড়ি। ২৬ সদস্যের দলে ১৫ জনই প্রিয় জন্মভূমির প্রতিনিধিত্ব করেছেন ২০২২ কাতার বিশ্বকাপে। এই শতাব্দীতে বিশ্বকাপে ব্রাজিল দলে এত বেশি ‘অভিজ্ঞ’ ফুটবলার আগে কখনো জায়গা পাননি। বিশ্বকাপের মতো মেজর টুর্নামেন্টে শুধু প্রতিভা আর মেধা দিয়ে সব হয় না। দৃঢ় মনোবল ও হাইভোল্টেজ-শ্বাসরুদ্ধকর ম্যাচের চাপ সামলানোর মতো অভিজ্ঞতাও জরুরি।
শুধু অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই দল গড়েননি আনচেলত্তি। ইতালিয়ান এ কোচ দলে জায়গা করে দিয়েছেন নতুনদেরও। ম্যাচের চিত্রনাট্য পাল্টে দিতে বিশেষভাবে আক্রমণভাগে অভিজ্ঞতার সঙ্গে প্রতিভার সমন্বয় এনেছেন ব্রাজিল কোচ। এনদ্রিক, লুইস হেনরিক, রায়ান ও ইগর থিয়াগোর মতো তরুণদের ডেকেছেন বিশ্বকাপে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে। কয়েক জন তরুণ তুর্কিকে তুরুপের তাস হিসেবে কাজে লাগানোর রণকৌশল ঠিক করে রেখেছেন আনচেলত্তি।
মার্কুইনহোস ও গ্যাব্রিয়েলের কাঁধে রক্ষণ সামলানোর দায়িত্ব। মাঝমাঠে আছেন ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেস। গোলকিপিংয়ে অ্যালিসন বেকারের সঙ্গী হয়েছেন ওয়েভেরতন ও এদেরসন।
২০০২ সালের মতো ভয়ংকর আক্রমণাত্মক দল হয়তো নয় এটি। তবে আনচেলত্তির ভারসাম্যপূর্ণ ও পরিণত দলই গড়েছেন। যেখানে আছে প্রতিভা, অভিজ্ঞতা। আবার রয়েছে অনিশ্চয়তাও। নেইমারের ফিটনেস আর ফর্মের সঙ্গে ভিনিসিয়ুসদের ছন্দময় পারফরম্যান্স নিয়ে রয়ে গেছে শঙ্কা। তবে এমন পরিণত, সুসংগঠিত দলই বিপজ্জনক হয়ে উঠতে পারে। এখন বিশ্বকাপ শেষ পর্যন্ত নেইমারের জন্য দুঃখ হয়ে থাকবে নাকি প্রিয় বন্ধু আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির মতো নেইমারও বিশ্বকাপের সোনালি ট্রফি মাথার ওপর উঁচিয়ে ধরা আর আদুরে চুমু খাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবেন- সেটাই এখন দেখার অপেক্ষা।
ব্রাজিল বিশ্বকাপ দল:
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।
রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালিয়াইস, ইবানেজ, লেও পেরেইরা, মার্কুইনহোস।
মাঝ-মাঠ: ওয়েসলি, ব্রনো গিমারেস, ক্যাসেমিরো, দানিলো সিনিয়র, ফ্যাবিনহো, লুকাস পাকেতা।
আক্রমণভাগ: এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস এইহিকে, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

