শিরোপা উদযাপনের প্রস্তুতি প্রায় সেরে ফেলেছিল আল নাসর। গ্যালারিতে তখন উৎসবের আবহ, মাঠে সতীর্থদের মুখেও ছিল স্বস্তির ছাপ। কিন্তু ফুটবল কখনো কখনো সবচেয়ে নির্মম গল্পটাই লিখে রাখে শেষ মুহূর্তের জন্য। আর সে গল্পের শিকার এবার ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। সৌদি প্রো লিগে আল হিলালের বিপক্ষে জয় থেকে মাত্র ১০ সেকেন্ড দূরে ছিল আল নাসর। কিন্তু ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে গোলকিপার বেন্তোর অবিশ্বাস্য ভুলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ফলে শিরোপা নিশ্চিত করার অপেক্ষাও বাড়ল আরো।
আল-আউয়াল পার্কে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রিত ফুটবল খেলছিল আল নাসর। ৩৭তম মিনিটে কিংসলে কোমানের বাড়ানো বল থেকে দারুণ এক গোল করেন মোহামেদ সিমাকান। সে গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে আল হিলাল একের পর এক আক্রমণ চালালেও রক্ষণ সামলে লিড ধরে রেখেছিল আল নাসর। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গ্যালারিতেও বাড়ছিল উল্লাস। কারণ, এই জয়ই রোনালদোদের শিরোপার খুব কাছে নিয়ে যাচ্ছিল।
কিন্তু নাটক তখনো বাকি ছিল। যোগ করা সময় প্রায় শেষ। ম্যাচ শেষ হতে তখন মাত্র ১০ সেকেন্ড বাকি। ঠিক সে মুহূর্তে আল হিলাল পায় একটি লম্বা থ্রো-ইন। সহজ বলটি ধরতে গোলবার ছেড়ে সামনে এগিয়ে আসেন গোলকিপার বেন্তো। আশপাশে কোনো চাপও ছিল না। কিন্তু সবাইকে অবাক করে বলটি তার হাত ফসকে সরাসরি জালে ঢুকে যায়। নিজেদের জালেই বল জড়িয়ে যেতেই স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়েন আল নাসরের খেলোয়াড়রা। ডাগআউটে দাঁড়িয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও দেখা যায় হতবাক মুখে।
এ ড্রয়ের পরও ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। তবে এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ৭৮। ফলে শিরোপা নির্ধারণের লড়াই গড়াচ্ছে শেষ ম্যাচ পর্যন্ত। আল হিলাল যদি পরের ম্যাচে নিওম এসসিকে হারায়, তাহলে দুদলের ব্যবধান কমে আসবে মাত্র দুই পয়েন্টে। সেক্ষেত্রে শেষ ম্যাচে দামাক এফসির বিপক্ষে অন্তত ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে আল নাসরের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

