পাঁচ বছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপে মাঠে অজ্ঞান হয়ে পড়ার ঘটনায় পুরো ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর মাঠে ফিরলেও আবারও একই ধরনের আতঙ্ক ছড়ালেন ডেনমার্কের এই অভিজ্ঞ মিডফিল্ডার।
শনিবার ডেনমার্কের ওডেন্সে ইউক্রেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরিকসেন। ম্যাচের ৬৫তম মিনিটে বুক চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে ৭৯ মিনিটে ম্যাচটি বাতিল ঘোষণা করেন নরওয়েজিয়ান রেফারি সিগুর্ড স্মেহুস ক্রিংস্টাড।
এরিকসেনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে প্রাথমিকভাবে স্বস্তির খবরই দিয়েছে ডেনিশ ফুটবল ফেডারেশন।
জাতীয় দলের চিকিৎসক মর্টেন বোয়েসেন জানিয়েছেন, এরিকসেন অল্প সময়ের জন্য জ্ঞান হারালেও দ্রুত স্বাভাবিক হয়ে ওঠেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলার মতো অবস্থায়ও ছিলেন তিনি।
মাঠে এই ঘটনা ঘটার পর দুই দলের খেলোয়াড়রাই এরিকসেনকে ঘিরে দাঁড়ান। নেচার এনার্জি পার্ক স্টেডিয়ামে নেমে আসে উদ্বেগজনক নীরবতা। কিছুক্ষণ পর গ্যালারিজুড়ে ‘এরিকসেন, এরিকসেন’ ধ্বনি শোনা যায়, যা আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
ডাক্তার বোয়েসেন জানিয়েছেন, এরিকসেন মাঠ ছেড়েছেন নিজের পায়ে হেঁটেই। তার শরীরে স্থাপন করা হৃদযন্ত্রের বিশেষ ডিভাইসও স্বাভাবিকভাবে কাজ করেছে বলে চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা গেছে।
তবে কী কারণে এই শারীরিক সমস্যা দেখা দিয়েছে, তা নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২০২১ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে হৃদরোগজনিত সমস্যায় মাঠেই অজ্ঞান হয়ে পড়েছিলেন এরিকসেন। প্রায় ১০ মিনিট ধরে জরুরি চিকিৎসা দেওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তার শরীরে একটি বিশেষ কার্ডিয়াক ডিভাইস স্থাপন করা হয় এবং দীর্ঘ বিরতির পর তিনি আবার পেশাদার ফুটবলে ফিরে আসেন।
সাম্প্রতিক এই ঘটনায় আবারও উদ্বেগ ছড়িয়ে পড়লেও ডেনিশ ফুটবল ফেডারেশনের সর্বশেষ বার্তায় জানা গেছে, এরিকসেন বর্তমানে স্থিতিশীল আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

