চ্যাম্পিয়নস লিগ

ফাইনালে বায়ার্ন, না পিএসজি

স্পোর্টস ডেস্ক

ফাইনালে বায়ার্ন, না পিএসজি

অ্যালিয়াঞ্জ এরেনার মঞ্চ প্রস্তুত। মহারণের অপেক্ষায় প্রস্তুত ফুটবল দুনিয়া। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর টুর্নামেন্টে আজ রাতে হতে যাচ্ছে হাইভোল্টেজ এক লড়াই। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) আতিথ্য দিতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগ পার্ক দে প্রিন্সেসে খেলে ফেলেছে পিএসজি আর বায়ার্ন। ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জার্মান জায়ান্ট ক্লাবটিকে ৫-৪ গোলে হারিয়ে এগিয়ে রয়েছে ফরাসি ক্লাবটি। এগিয়ে থাকায় আজ ড্র করলেও চলবে পিএসজির জন্য। আর ১-০ গোলের জয় পেলে তো কথাই নেই। ফের ফাইনালে নিজেদের নাম লিখে ফেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে নিজেদের মাঠে খেলতে যাওয়া বায়ার্নের জন্য দরকার কমপক্ষে দুই গোলের ব্যবধানে জয়। তবেই মিলবে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট।

ঘরোয়া লিগে নিয়মিত সাফল্য পাওয়া দুই জায়ান্ট এবার লড়বে ইউরোপের মঞ্চে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে। আজ রাত ১টায় লড়াইয়ের মঞ্চে নামবে দুদল। কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় পিএসজি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা রুখে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বায়ার্ন মিউনিখ।

বিজ্ঞাপন

লিগ ওয়ানে কিছুটা ওঠানামা থাকলেও চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে পিএসজি। লুইস এনরিকের দল টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে, যেখানে চেলসি ও লিভারপুলের বিপক্ষে করেছে ১২ গোল। সব শেষ চারের প্রথম লেগেও বায়ার্নকে হারিয়েছে। প্রতিপক্ষের জালে গোল দিয়েছে পাঁচটি। তার মানে সব শেষ পাঁচ ম্যাচে তারা গোল পেয়েছে কমতো নয়, ১৭টি। টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠে নতুন ইতিহাসও লিখে ফেলেছে ফরাসি ক্লাবটি। এবার চ্যাম্পিয়নস লিগে পেয়েছে ১০০তম জয়। এই কীর্তি গড়েছে তারা প্রথম ফরাসি ক্লাব হিসেবে। ব্যাপারটা এখানেই শেষ নয়, এ প্রতিযোগিতায় প্রথম জয়টিও এসেছিল বায়ার্ন মিউনিখের। ঘরোয়া লিগে শিরোপার খুব কাছাকাছি এখন পিএসজি। তিন ম্যাচ বাকি থাকতে শীর্ষে থেকে ছয় পয়েন্ট এগিয়ে রয়েছে তারা।

অন্যদিকে বায়ার্ন মিউনিখ ইতোমধ্যেই বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে। তবে ইউরোপিয়ান আসরে সাম্প্রতিক তেমনভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। ২০২০ সালের পর আর চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি বাভারিয়ানদের। এরপর কয়েকবার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে। তবু সাম্প্রতিক ফর্মে আত্মবিশ্বাসী বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগে টানা সাত ম্যাচ জয়ের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জিতে সেমিফাইনালে পা রেখেছিল তারা। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগেই জয়ের স্বাদ পেয়েছে জার্মান জায়ান্টরা। কিন্তু সেমিফাইনালের প্রথম লেগে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখেও হার মেনেছে তারা। এক গোলে পিছিয়ে রয়েছে বাভারিয়ানরা। সব মিলিয়ে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শ্বাসরুদ্ধকর এক ম্যাচের অপেক্ষায় ফুটবল দুনিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন