এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে কোচ হিসেবে লাইসেন্স পেলেন শায়েস্তাগঞ্জের ফুটবলার শামীমুর রহমান। গত রোববার সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এএফসির লাইসেন্স বিতরণ করা হয়। গত জানুয়ারিতে লাইসেন্স কোর্সের দ্বিতীয় সেশন ট্রেনিং শেষ করে যারা উত্তীর্ণ হয়েছে, তাদের এই সার্টিফিকেট দেওয়া হয়েছে। এর মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে শুধু শামীম অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন। সার্টিফিকেট বিতরণকালে উপস্থিত ছিলেন বাফুফের অ্যাডমিনিস্ট্রেটর টেকনিক্যাল ডিপার্টমেন্টের মাহবুবুর রহমান পলো, বাংলাদেশ জাতীয় দলের কোচ পিটার বাটলার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার নেতারা।
শামীম বলেন, খেলাধুলার পাশাপাশি স্থানীয় ওয়ার্ডের মেম্বার হিসেবে দুবার নির্বাচিত হয়ে জনসেবায়ও নিজেকে নিয়োজিত রেখেছি। ফুটবলের সঙ্গেও সম্পৃক্ত আছি। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বাইরে ভারতের বিভিন্ন রাজ্যে ফুটবল খেলার সুযোগ হয়েছে আমার।
২০১২ সাল থেকে শায়েস্তাগঞ্জের কলিমনগর ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করেন শামীম। সুনামের সঙ্গে অনেকগুলো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। শামীম বর্তমানে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির কোচের দায়িত্বে আছেন এবং হবিগঞ্জ জেলা দলের অনূর্ধ্ব-১৫ টিমের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

