এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটিতে লাল-সবুজ প্রতিনিধিদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এ ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে আজ প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে লড়বে বাংলার ছেলেরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে দুদলের ম্যাচ।
ফিফা র্যাংকিংয়ে অনেকটা এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ। ভিয়েতনামের ফিফা র্যাংকিং ১০৩ আর বাংলাদেশের ১৮১। ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম সব দিক থেকেই বাংলাদেশ ফুটবল দলের চেয়ে এগিয়ে। শুধু র্যাংকিংয়েই নয়, পরিসংখ্যানেও এগিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। এর আগে ভিয়েতনামের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বে ২০০১ সালের ৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। দাম্মামের প্রিন্স মোহামেদ বিন ফাহাদ স্টেডিয়ামে ভিয়েতনামকে রুখে দেওয়ার ম্যাচে গোলপোস্ট সামলেছিলেন বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
কিন্তু একই বছরের ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৪-০ গোলে হার মেনেছিল বাংলাদেশ। তারপরও মাঠে প্রতিদ্বন্দ্বিতা গড়তে মরিয়া অতিথিরা। কেননা, তাদের দলে রয়েছে হামজা চৌধুরীর মতো তারকা ফুটবলার। ইংল্যান্ড প্রবাসী এই বাংলাদেশি মিডফিল্ডারকে নিয়ে চিন্তিত ভিয়েতনাম কোচ কিম সাং-সিক।
কোচ হ্যাভিয়ের কাবরেরা ম্যাচে নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো আসন্ন অফিসিয়াল ম্যাচ, যা সিঙ্গাপুরের বিপক্ষে। ভিয়েতনামের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’ প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম নিয়ে এ স্প্যানিশ কোচের ভাষ্য, ‘জুয়ান সনের উপস্থিতি এবং স্কোয়াডে আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় (হোয়াং হেন) থাকায় ভিয়েতনাম একটি খুব শক্তিশালী দল। আমরা আশা করি বাংলাদেশ ভিয়েতনামের সবচেয়ে শক্তিশালী দলের মুখোমুখি হবে।’
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলছেন, ম্যাচ হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ‘এটি একটি কঠিন ম্যাচ হবে, তবে বাংলাদেশ উন্নতি করছে। আমরা বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে।’
গতকাল বুধবার ভিয়েতনামের হ্যানয়ে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভিয়েতনামের কোচ কিম সাং-সিক হামজাকে নিয়ে বলেন, ‘আমি হামজার ব্যাপারে জানি। সে ইংল্যান্ডে খেলছে। আমরা তার ভিডিও বিশ্লেষণ করছি, যাতে তার শক্তির মোকাবিলা করার উপায় বের করা যায়। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ জেতা।’
ভিয়েতনামের কোচ বাংলাদেশ দল নিয়ে বলেন, ‘গত বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে, কোচিং স্টাফ থেকে শুরু করে স্কোয়াড পর্যন্ত, বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে। তাদের মধ্যে কয়েকজন এর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাই পর্বে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হয়েছিল। আমি বিশ্বাস করি, তাদের বর্তমান স্কোয়াড আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’
প্রতিপক্ষ দলের অধিনায়ক ডো জুই মান বলেন, ‘আমরা মনোযোগ ধরে রাখব, শৃঙ্খলার সঙ্গে খেলব এবং কোচিং স্টাফের নির্দেশনা অনুসরণ করব। যদিও এটি একটি প্রীতি ম্যাচ, তবুও আমরা জয়ের লক্ষ্যেই খেলব; কারণ এটি আমাদের ফিফা র্যাংকিংয়ের ওপর প্রভাব ফেলে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

