ফুলহামের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ফুলহামের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ইংলিশ ক্লাব ফুলহামের একাডেমির বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ২০২৬ সালের ‘জনি হেইনেস ট্রফি’ জিতেছেন ১৯ বছর বয়সি এই উইঙ্গার। ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। একাডেমি থেকে উঠে আসা সেরা তরুণ ও উদীয়মান ফুটবলারকে দেওয়া হয় এই পুরস্কার।

লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ফারহানের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেটে। তার বাবা-মা বাংলাদেশি বংশোদ্ভূত। ২০০৬ সালের ৯ ডিসেম্বর জন্ম নেওয়া এই ফুটবলারের ফুটবলে হাতেখড়ি চেলসির একাডেমিতে। ২০১৯ সালে তিনি যোগ দেন ফুলহামের যুব দলে। সেখানে ধাপে ধাপে এগিয়ে জায়গা করে নেন অনূর্ধ্ব-২১ দলে।

বিজ্ঞাপন

গত মৌসুমে পেশাদার ফুটবলে প্রথম বছরেই নজর কাড়েন ফারহান। প্রিমিয়ার লিগ টুর অনূর্ধ্ব-২১ পর্যায়ে ২১ ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১৭টি গোলে অবদান রাখেন তিনি। এর আগে ২০২৫ সালের নভেম্বরে এই প্রতিযোগিতার মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন। ২০২৬ সালের আগস্টে ফুলহাম থেকে ধারে পঞ্চম স্তরের ইংলিশ ক্লাব বোরহাম উডে যোগ দেন এই উইঙ্গার।

ফারহানের সাফল্যের গল্পে এবার যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় দলের অধ্যায়ও। সেপ্টেম্বর-অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান কাপে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তার। ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক গোলও করেন তিনি।

জনি হেইনেস ট্রফি জিতে ফারহান কৃতজ্ঞতা জানিয়েছেন সতীর্থদের। তাদের ভোটে পুরস্কার পাওয়াকে তিনি তৃপ্তিদায়ক বলে বর্ণনা করেছেন। ফুলহামের একাডেমিতে নিজের বিকাশের স্বীকৃতি পাওয়া এই তরুণ উইঙ্গারের সামনে এখন লক্ষ্য ক্লাব ফুটবলে ধারাবাহিকতা ধরে রাখা এবং বাংলাদেশের জার্সিতে আরো অবদান রাখা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন