এশিয়ান কাপ সামনে রেখে সিডনিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি হবে ‘ক্লোজ ডোর’। এই ম্যাচে দলের শক্তিমত্তা দেখে নিতে চান বাংলাদেশ কোচ পিটার বাটলার। অভিজ্ঞ ও তরুণ মিলে যে ২৬ ফুটবলার নিয়ে সিডনিতে অবস্থান করছে বাংলাদেশ দল, সেখানে সবাইকেই বাজিয়ে দেখবেন এই ইংলিশ কোচ। বিশেষ করে খেলোয়াড়দের মানসিকতায় বড় পরিবর্তন প্রতি বেশি জোর দিচ্ছেন বাটলার।
প্রীতি ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ কোচ বলেছেন, ঐতিহাসিক এশিয়ান কাপ সামনে রেখে সিডনিতে দলের প্রস্তুতি দারুণ হচ্ছে। খেলোয়াড়দের কোনো ভুল-ত্রুটিই এখন আর খুঁজে পাচ্ছেন না বাটলার। এবার খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন আনতে পারলেই টুর্নামেন্টে দারুণ কিছু অপেক্ষা করছে। বাটলার বলেন, ‘আমার মনে হয়, এটি (ভালো খেলা) মানসিকতার সঙ্গে সম্পৃক্ত। তাদের মাথায় দিতে হবে যে, আমরা পিছিয়ে আছি ঠিকই, তবে এই ঘাটতি পূরণ করতে হবে।’ তিনি আরো বলেন, ‘মেয়েরা সত্যি ভালোভাবে প্রস্তুত হয়েছে। তাদের প্রচেষ্টায় আমি কোনো খুঁত খুঁজে পাচ্ছি না। একনিষ্ঠভাবে মেয়েরা যেভাবে পরিশ্রম করেছে, সেটি দুর্দান্ত। প্রস্তুতির জন্য দারুণ এক পরিবেশ এখানে। মাঠগুলো অসাধারণ।’
আজকের প্রীতি ম্যাচের দিকে সব মনোযোগ কোচ বাটলারের। তিনি জানান, বাংলাদেশের জন্য ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচটি এশিয়ান কাপের মূল প্রস্তুতির মঞ্চ। এখানে খেলোয়াড়রা চূড়ান্তভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পাবেন। খেলোয়াড়দের মনোভাব ও পজিশন বুঝে নেওয়ার জন্যও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এ ম্যাচটি। এত দিন ধরে অনুশীলনে আক্রমণাত্মক ফুটবলের প্রতি জোর দিয়েছেন কোচ বাটলার। তিনি বলেন, ‘আমি কয়েকটি বিকল্প নিয়ে কাজ করেছি। আমরা ৩-৪-৩, ৩-৫-২ না, ৪-৪-২ ফরমেশনে খেলব, সেটি মাথায় নিয়ে এগোতে হবে। সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। আমি জানি, আমি কী করতে চাই। কিন্তু আমি স্রেফ দুটি ৪৫ মিনিটের অর্ধে তা দেখতে চাই। যেভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারব।’
বাটলার আরো জানান, প্রীতি ম্যাচে নারী ফুটবলারদের মধ্যে তাদের দায়িত্ব ভাগ করে দেবেন। গেমের লোডও ভাগ করে দেবেন। প্রাপ্যতার ভিত্তিতে খেলোয়াড়দের পজিশন ঘিরে সুযোগগুলো পরখ করবেন। ম্যাচে বিকল্পগুলোও খতিয়ে দেখবেন ইংলিশ কোচ। সিডনির ভ্যালেন্টাইন্স পার্ক মাঠের সুযোগ-সুবিধার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বাটলার বলেছেন, এখানকার ফুটবলারদের জন্য দারুণ এক পরিবেশ। তাদের খাবার পছন্দ করেছে মেয়েরা। অ্যাথলেটদের কথা মাথায় রেখেই তাদের খাবারগুলো প্রস্তুত করা হয়। এমন সুন্দর পরিবেশে মেয়েরা সুযোগগুলো কাজে লাগাবে বলে বিশ্বাস বাংলাদেশ কোচের। আজকের প্রীতি ম্যাচটি বিশেষ করে তরুণ ফুটবলারদের জন্য মেলে ধরার দারুণ সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ।
অস্ট্রেলিয়া যাওয়ার আগে এশিয়ান কাপের জন্য বাংলাদেশের প্রস্তুতির ঘাটতির কথা বলেছিলেন কোচ বাটলার। মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেও শেষ পর্যন্ত খেলার আয়োজন করতে পারেনি বাফুফে। কোচের দাবি, ফুটবল ফেডারেশন বিদেশি দলের বিপক্ষে খেলার চেয়ে ঘরোয়া লিগকে বেশি প্রাধান্য দিয়েছে। সেটি এশিয়ান কাপর জন্য আদর্শ প্রস্তুতি নয়। তবে অস্ট্রেলিয়ায় গিয়ে দল বদলে গেছে বলে মনে করেন কোচ বাটলার। মানসিকভাবে দৃঢ় থেকে আত্মবিশ্বাসী ফুটবল খেলতে পারলে বাংলাদেশ ভালো কিছু উপহার দিতে পারে।
উল্লেখ, এবারের এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টুর্নামেন্টটি। বাংলাদেশের মিশন শুরু হবে ৩ মার্চ, চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এশিয়ান নারী ফুটবলের পরাশক্তি চীন ও কোরিয়া। ইতিহাস, অর্জন ও সাফল্যে সমৃদ্ধ দল দুটি। উজবেকিস্তানও ভালো মানের দল। ফলে অভিষেক এশিয়ান কাপ খেলতে নেমে কঠিন চ্যালেঞ্জের মুখে যে পড়ছে বাংলাদেশ, সেটি আর বলার অপেক্ষা রাখে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

