অনূর্ধ্ব-২০ নারী দলের এশিয়ান কাপ মিশন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

অনূর্ধ্ব-২০ নারী দলের এশিয়ান কাপ মিশন শুরু আজ

এবার আরেকটি নারী এশিয়ান কাপের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ বুধবার থেকে থাইল্যান্ডে পর্দা উঠছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের। এই টুর্নামেন্টে প্রথমবার খেলছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে নারী দল। ব্যাংককের থাম্মাস্যাট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও ভিয়েতনাম ও চীন। টুর্নামেন্টের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কোয়ার্টার ফাইনালে খেলবে। পাশাপাশি তিন গ্রুপের সেরা তৃতীয় হওয়া দুটি দলও নকআউট পর্বে খেলার টিকিট পাবে। এ টুর্নামেন্টে ভালো করতে পারলে ২০২৬ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে নারী দল। এশিয়ান কাপের সেমিফাইনালে খেলা চারটি দল বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।

সিনিয়র এশিয়ান কাপ খেলে এসেই অনূর্ধ্ব-২০ দল নিয়ে কাজ শুরু করেন কোচ পিটার বাটলার। অনূর্ধ্ব-২০ দলেও সিনিয়র দলের অনেক খেলোয়াড় আছেন। তারা অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপেও খেলেছেন। বাটলার মনে করেন, তাদের গত টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা বয়সভিত্তিক দলেও কাজে দেবে। এই ইংলিশ কোচ বলেন, ‘মাত্রই সিনিয়র এশিয়ান কাপ শেষ করে এখানে এসেছি আমরা। আমাদের সঙ্গে অনেক তরুণ খেলোয়াড়রাও এসেছেন। তাদের জন্য প্রথম অভিজ্ঞতা হবে। এখানে আসতে পারাটা তাদের জন্য অনেক বড় অর্জন। আমি আশা করি, এটি মেয়েদের জন্য একটি চমৎকার শিক্ষামূলক অভিজ্ঞতা হবে এবং তারা এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট থেকে কিছু শিখতে পারবে।’

তিনি আরো বলেন, ‘অনূর্ধ্ব-২০ দলের ১০ থেকে ১২ জন তরুণ খেলোয়াড়কে সিনিয়র এশিয়ান কাপে নিয়েছিলাম। কারণ, তারা জাতীয় দলের কার্যক্রমের সঙ্গেই ছিল। আমরা কিছু ম্যাচে হেরেছি ঠিক। তবে এই যাত্রায় অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় ওঠে এসেছে।’ মেয়েরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে বলে প্রত্যাশা করছেন কোচ বাটলার। তিনি বলেন, ‘সিনিয়রদের জাতীয় টুর্নামেন্টে তারা যে পারফরম্যান্স দেখিয়েছে, তা আমাদের ভালো অবস্থানে রাখবে। ফলাফলের কথা চিন্তা না করে আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখতে পাব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...