বাংলাদেশে এখন চলছে এসএসসি পরীক্ষা। এবার এ পরীক্ষার প্রশ্নপত্রে জায়গা করে নিয়েছেন জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী। কুমিল্লা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রে দেশের এই তারকা ফুটবলারকে নিয়ে একটি শব্দ গঠন (সাফিক্স-প্রিফিক্স) প্রশ্ন করা হয়েছে। প্রশ্নপত্রের এ অংশ পরীক্ষার্থীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
গত ২১ এপ্রিল শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র শেষে গতকাল মঙ্গলবার হয় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। প্রশ্নপত্রের ভিন্নধর্মী এ অংশের জন্য আলোচনায় উঠে এসেছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
প্রশ্নপত্রে হামজার জনপ্রিয়তা, বাংলাদেশ দলে তার অন্তর্ভুক্তি, বিভিন্ন দেশের বিপক্ষে সাফল্য, তার প্রতিভা ও ইউরোপিয়ান লিগে খেলার অভিজ্ঞতা তুলে ধরে শূন্যস্থান পূরণ করে উত্তর লিখতে বলা হয়। ইংরেজি ব্যাকরণ বিষয়ে প্রশ্নটি শিক্ষার্থীদের শব্দভান্ডার ও ভাষাগত দক্ষতা যাচাইয়ের জন্যই করা হয়েছে।
বর্তমানে লেস্টার সিটির হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে খেলছেন হামজা। গত বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক হয় তার। এরপরই দেশের ফুটবলে নতুন জোয়ার তৈরি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

