বিশ্বকাপ দলে নেই

হার্ভার্ডের ক্লাসরুমে কামাভিঙ্গা

স্পোর্টস ডেস্ক

হার্ভার্ডের ক্লাসরুমে কামাভিঙ্গা

স্বপ্ন ছিল এই সময়টায় ফরাসি জার্সি গায়ে মাঠ মাতাবেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মঞ্চে। কিন্তু ভাগ্য এবং ফর্মের টানাপোড়েনে দিদিয়ের দেশমের বিশ্বকাপ দলে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। তবে বিশ্বকাপ দলে জায়গা না পেলেও ২৩ বছর বয়সি এই তারকা ঠিকই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে ফুটবলার হিসেবে নয়, এবার তার পরিচয় একজন শিক্ষার্থী হিসেবে।
কামাভিঙ্গা যুক্তরাষ্ট্রে গিয়ে ভর্তি হয়েছেন ঐতিহ্যবাহী হার্ভার্ড বিজনেস স্কুলের একটি বিশেষ এক্সিকিউটিভ প্রোগ্রামে। বোস্টনে অবস্থিত এই বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস’ বিষয়ক একটি কোর্সে অংশ নিচ্ছেন তিনি।
মজার বিষয় হচ্ছে, বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও জাতীয় দলের খুব কাছাকাছিই অবস্থান করছেন কামাভিঙ্গা। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে থাকা ফ্রান্স দলের কন্ডিশনিং ক্যাম্প বসেছে ম্যাসাচুসেটসের ওলধামে, যা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মাত্র ৫০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত।
বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কামাভিঙ্গা নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কয়েকটা দিন কাটল শেখা, শোনা আর নিজেকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে। হার্ভার্ড বিজনেস স্কুলের এই দারুণ অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ।’
কামাভিঙ্গার এই ভিন্নধর্মী উদ্যোগ ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের রানার্সআপ দলের সদস্য ছিলেন এই প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার। মূলত রিয়াল মাদ্রিদের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমটা আশানুরূপ না হওয়ায় ফ্রান্স কোচ তাকে এবারের স্কোয়াডে বিবেচনা করেননি। তবে মাঠের হতাশা ভুলে কামাভিঙ্গার এই জ্ঞানার্জনের প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে ক্রীড়াঙ্গনে।
আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান। ‘আই’ গ্রুপে ফরাসিদের বাকি দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন