রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি

স্পোর্টস ডেস্ক

রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি

ট্রফিশূন্য একটি মৌসুমের হতাশা কাটিয়ে নতুন অধ্যায়ের পথে হাঁটছে রিয়াল মাদ্রিদ। সেই পথচলায় ক্লাবটি আবারও আস্থা রাখছে পরিচিত এক মুখের ওপর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে তিন বছরের চুক্তিতে সম্মত হয়েছেন হোসে মরিনহো।

তবে ক্লাবের পক্ষ থেকে এখনই আনুষ্ঠানিক ঘোষণা আসছে না। আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য সভাপতি নির্বাচন শেষ হওয়ার পরই পর্তুগিজ এই কোচকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

২০২৫-২৬ মৌসুমে প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি রিয়াল। জানুয়ারিতে জাবি আলোনসোর বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন আলভারো আরবেলোয়া। কিন্তু তার অধীনে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি দল। লা লিগার শিরোপা হাতছাড়া করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় স্প্যানিশ জায়ান্টদের।

বিশেষ করে এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে ২-০ গোলের হার এবং বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে পরাজয় রিয়ালের ব্যর্থতার প্রতীক হয়ে ওঠে।

এমন পরিস্থিতিতে ক্লাবের হারানো ঐতিহ্য ও জয়ী মানসিকতা ফিরিয়ে আনতেই মরিনহোর দ্বারস্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। গত সেপ্টেম্বরে পর্তুগিজ ক্লাব বেনফিকার দায়িত্ব নেওয়া মরিনহো দলটিকে লিগে তৃতীয় স্থানে রেখেই স্পেনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

রিয়ালের সঙ্গে মরিনহোর সম্পর্ক বরাবরই ছিল আলোচিত। তার প্রথম মেয়াদে ক্লাবটি ঘরোয়া ও ইউরোপীয় ফুটবলে নতুন করে প্রতিদ্বন্দ্বিতার শক্তি ফিরে পেয়েছিল। এবারও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্যের পথে ফিরতে চায় লস ব্লাঙ্কোসরা।

চেলসি, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোতে সাফল্যের ছাপ রাখা এই কোচের প্রত্যাবর্তন স্প্যানিশ ফুটবলে নতুন উত্তেজনা তৈরি করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে বার্সেলোনার সঙ্গে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বিতায় মরিনহোর ফেরাটা নতুন মাত্রা যোগ করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন