বিতর্কে জড়িয়ে কোয়ার্টারে নেইমার

বিতর্কে জড়িয়ে কোয়ার্টারে নেইমার

চমৎকার পারফরম্যান্স এবং মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত বিতর্ক যেন সর্বদা একসঙ্গে হাত ধরে চলে তারকা ফুটবলার নেইমারের সঙ্গে। কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে সান্তোসের জয় নিশ্চিত হতেই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রেমোকে ১-০ গোলে হারিয়ে সান্তোস শেষ আট নিশ্চিত করলেও, ম্যাচ শেষে প্রতিপক্ষ ক্লাবের কর্মকর্তা ও সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেছেন নেইমার।

মাঙ্গেইরাও স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচের শুরু থেকেই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন নেইমার। খেলার শুরুতে বেঞ্চে বসে এবং বিরতির পর মাঠে নামার পরও রেমোর সমর্থকরা তাকে লক্ষ্য করে অনবরত বিদ্রূপ ও দুয়ো দিতে থাকেন। তবে সব মানসিক চাপ কাটিয়ে মাঠের খেলায় নিজের দক্ষতার প্রমাণ দেন নেইমার। তার চমৎকার বাড়িয়ে দেওয়া বল থেকেই সান্তোসকে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন রনি রুস্তিকো।

বিজ্ঞাপন

তবে গোল ও দলের জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে ম্যাচের শেষ বাঁশি বাজার পরের ঘটনা। ড্রেসিংরুমে ফেরার পথে নেইমারকে উসকানি দেয় অনেকে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, রেমোর বিদ্রূপের জবাবে বারবার ‘বিদায় নিয়েছো’ বলে চিৎকার করেন নেইমার। শুধু তাই নয়, বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গি, বিদ্রূপাত্মক নাচ এবং জিহ্বা বের করে প্রতিপক্ষকে খেপিয়ে তোলেন। এর ফলে করিডোরে চরম উত্তেজনার দেখা দেয় এবং রেমোর সমর্থক ও কর্মকর্তারা নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা করেন। শেষ পর্যন্ত সান্তোসের নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর নেইমারের এই আচরণের তীব্র সমালোচনা করেছেন রেমোর সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা (তোনিয়াও)। এক ভিডিও বার্তায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে তিনি নেইমারকে ‘অসামাজিক’ আখ্যা দেন এবং এক ভিডিও বার্তায় বলেন, ‘সান্তোসের এমন আচরণের প্রয়োজন ছিল না। আর অসামাজিক নেইমার, যাকে অনেক শিশু আদর্শ মানে, সে এখানে এসে আমাদের উসকানি দিয়েছে। এমন মানুষদের আদর্শ বানানো সত্যিই দুঃখজনক।’

মাঠে অ্যাসিস্ট করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেও মাঠের বাইরের এই ঘটনায় নেইমারের ক্যারিয়ারে আরো একটি বিতর্ক যোগ হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন