নবীর জায়গায় সিপিএলে মিরাজ

নবীর জায়গায় সিপিএলে মিরাজ

নয় বছর আগে যে দরজা খুলেও বন্ধ হয়ে গিয়েছিল, এবার সেই দরজাই খুলে গেল পুরোপুরি। ২০১৭ সালে বদলি খেলোয়াড় হিসেবে দলে জায়গা পেয়েও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠে নামতে পারেননি মেহেদী হাসান মিরাজ। প্রায় এক দশক পর সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। একই সঙ্গে রহমানউল্লাহ গুরবাজের জায়গায় দলে এসেছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ হারিস।

বিজ্ঞাপন

আফগানিস্তানের জাতীয় দলের ডাকে নবী ও গুরবাজকে সিপিএল ছাড়তে হচ্ছে। ১৩ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। নবীর শূন্যস্থান পূরণে মিরাজকে বেছে নিয়েছে অ্যামাজন ওয়ারিয়র্স।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা অ্যামাজন ওয়ারিয়র্স গ্লোবাল সুপার লিগ ও সিপিএল মিলিয়ে ১১ ম্যাচের ১০টিতেই জিতেছে। সেই সাফল্যে বড় অবদান নবীর। সিপিএলে ছয় ইনিংসে ১২ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ইকোনমি রেটও ছয়ের নিচে।

নবীর শূন্যতা পূরণের কঠিন চ্যালেঞ্জ এখন মেহেদি মিরাজের সামনে।

টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার মিরাজ। টি-টোয়েন্টিতে অবশ্য তার ভূমিকা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত নয়। ২০১৭ সালে অভিষেকের পর বাংলাদেশের হয়ে খেলেছেন ৩৪টি টি-টোয়েন্টি। সবশেষ পাকিস্তানের বিপক্ষে গত বছরের ২৪ জুলাই মাঠে নেমেছিলেন তিনি।

৯ বছর পর ক্যারিবীয় মঞ্চে মেহেদি মিরাজের অভিষেক কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন