সার্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থনপুষ্ট রাজনৈতিক আন্দোলনের প্রার্থী হিসেবে রসায়ন অনুষদের অধ্যাপক রাদোমির সাইচিচের নাম ঘোষণা করা হয়েছে। এক মাস আগে আগাম সংসদ নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের দলকে পরাজিত করার পর এবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আন্দোলনটি।
শুক্রবার রাজধানী বেলগ্রেডের সাভা সেন্টারে এক সংবাদ সম্মেলনে ‘স্টুডেন্টস উইন এগেইন’ নামের নাগরিক সংগঠনটি সাইচিচের প্রার্থিতা ঘোষণা করে। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারকে সমর্থন দিতে সংগঠনটি গঠন করা হয়েছে।
প্রার্থিতা ঘোষণার পর প্রথম বক্তব্যে সাইচিচ অভিযোগ করেন, গত এক দশকে সাবেক সরকার আইনের শাসন দুর্বল করেছে এবং দুর্নীতি ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার সুযোগ দিয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রায়ই ক্ষমতাসীনদের সুরক্ষা দিয়েছে। অন্যদিকে জবাবদিহি নিশ্চিত করার দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের রাষ্ট্রের শত্রু হিসেবে চিত্রিত করা হয়েছে।
সাইচিচ বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের রসায়ন অনুষদের অধ্যাপক। তিনি সার্বিয়ার বিজ্ঞান ও শিল্পকলা একাডেমির পূর্ণ সদস্য এবং দেশটির সংসদ সদস্য।
‘স্টুডেন্টস লিস্ট–স্টুডেন্টস উইন’ নামের নাগরিক সংগঠনের ১৪ জন প্রতিষ্ঠাতা স্বাক্ষরকারীর একজন তিনি। গত ২৫ অক্টোবরের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ১৭ নভেম্বর তার সংসদ সদস্যপদ নিশ্চিত করা হয়।
সদ্য অনুষ্ঠিত আগাম সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের সমর্থনপুষ্ট বিরোধী জোট ২৫০ আসনের সংসদে ১৪০টি আসন পায়। এতে ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) ও তাদের মিত্ররা পরাজিত হয়।
গত বৃহস্পতিবার সংসদের স্পিকার আলেকসান্দার চুপিচ প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন। গত ২৭ সেপ্টেম্বর ভুচিচ পদত্যাগ করার পর থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তিনি। দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ নির্বাচনে অংশ নিতে প্রেসিডেন্ট পদ ছাড়েন ভুচিচ।
সার্বিয়ার নির্বাচনি আইন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে হলে অন্তত ১০ হাজার ভোটারের যাচাই করা স্বাক্ষর জমা দিতে হয়। দেশটিতে প্রেসিডেন্ট পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। প্রথম দফার ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




