জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে শাহবাজ ও এরদোয়ানের শান্তির বার্তা

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে শাহবাজ ও এরদোয়ানের শান্তির বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত ও উদ্ধৃত করে বৈশ্বিক শান্তি, ন্যায়বিচার এবং মুসলিম উম্মাহর ঐক্যের জোরালো বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। আন্তর্জাতিক এই সর্বোচ্চ কূটনৈতিক মঞ্চে কোরআনের শিক্ষা তুলে ধরে চলমান যুদ্ধ ও মানবিক সংকটের বিপরীতে কূটনীতি ও শান্তির পথ বেছে নেওয়ার আহ্বান জানান তারা।

অধিবেশনে দেওয়া ভাষণের সূচনাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠ করেন এবং কোরআনের আয়াত তিলাওয়াত করেন। বক্তব্যের একপর্যায়ে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি সুরা আনফালের ৬১ নম্বর আয়াতের অর্থ উদ্ধৃত করে বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, ‘শত্রু যদি শান্তির দিকে ঝুঁকে পড়ে, তবে তোমরাও শান্তির দিকে ঝুঁকে পড়।’

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, বিশ্ব আজ নানা সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, তবে যুদ্ধের চেয়ে কূটনীতি ও শান্তি অনেক বেশি বড় ও সাহসী পথ। বক্তব্যে তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞ, ফিলিস্তিনের স্বাধীনতা, কাশ্মীর সংকট, ইসলামোফোবিয়া এবং আন্তর্জাতিক জলসীমার নিরাপত্তা নিয়ে পাকিস্তানের স্পষ্ট অবস্থান তুলে ধরেন।

একইভাবে সাধারণ পরিষদের মঞ্চে দেওয়া ভাষণে ধর্মীয় মূল্যবোধ ও মানবিক ন্যায়ের বিষয়টি তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। তিনি বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা ও জাতিসংঘ গাজার গণহত্যা থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেখানে নারী, শিশু ও নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে।

এ সময় তিনি পবিত্র কোরআনের সুরা আল-মায়িদাহর ৩২ নম্বর আয়াতের অংশবিশেষ উদ্ধৃত করে বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন—‘যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল, সে যেন গোটা মানবজাতিকেই হত্যা করল; আর যে একটি প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, পবিত্র কোরআনের এই অমর বাণী কেবল মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য একটি চূড়ান্ত শিক্ষা। অথচ বিশ্বসম্প্রদায় ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নীরব দর্শকের ভূমিকা পালন করে নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুকে স্বাভাবিক ঘটনায় রূপ দিচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন