আমেরিকা থেকে অবৈধ অভিবাসী ফেরত

লোকসভায় বিরোধীদের তোপের মুখে মোদি

আন্তর্জাতিক ডেস্ক

লোকসভায় বিরোধীদের তোপের মুখে মোদি

আমেরিকা থেকে অবৈধ অভিবাসী বহিষ্কারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অংশ হিসেবে বুধবার ভারতে ফেরত পাঠানো হয়েছে ১০৪ ভারতীয়কে। এ নিয়ে দেশটির পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের বিজেপি সরকার।

বুধবার ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে ১০৪ বহিষ্কৃত ভারতীয় অভিবাসীকে নিয়ে একটি আমেরিকান সামরিক বিমান অবতরণ করে। ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে, বহিষ্কৃত অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং তাদের কাউকে কাউকে শিকলে বেঁধে বিমানে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের এক সপ্তাহ আগেই এমন ঘটনা ঘটল।

বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার বিরোধীদলীয় উপনেতা গৌরব গগৈই এ বিষয়ে আলোচনার জন্য নোটিস দিয়েছেন। লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে দেওয়া ওই নোটিসে তিনি বলেন, ‘বহিষ্কারের প্রক্রিয়ায় অভিবাসীদের শিকলে বেঁধে রাখার এবং তাদের সঙ্গে দুর্ব্যবহারে খবর ছড়িয়ে পড়েছে। এটি তাদের মানবিক মর্যাদা ও অধিকারের বিষয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।’

বৃহস্পতিবার নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে এবং সমাজবাদী দলের প্রধান অখিলেশ যাদবের নেতৃত্বে বিরোধীদলীয় পার্লামেন্ট সদস্যরা বিক্ষোভ করেছেন। ট্রাম্পের এ পদক্ষেপের জন্য মোদি সরকারের কাছে জবাব দাবি করে তারা বলেন, ‘ভারতের অপমান আমরা মেনে নেব না।’

এদিকে বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মানিয়াম জয়শঙ্কর বলেছেন, অবৈধ ভারতীয়দের সঙ্গে যাতে দুর্ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লি সংযোগ করছে।

বিষয়টি নতুন কিছু নয় দাবি করে জয়শঙ্কর বলেন, প্রতি বছর শত শত ভারতীয়কে আমেরিকা থেকে বিতাড়িত করা হয়।

তিনি বলেন, ‘প্রতিটি দেশের দায়িত্ব তাদের নাগরিককে ফেরত নেওয়া যদি তারা বিদেশে অবৈধ বসবাসকারী হিসেবে চিহ্নিত হয়।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...