সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর লাহোরে গিয়ে আন্দোলন শুরু করেন। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশে এই আন্দোলন শুরু হয়। আগামী ৫ আগস্ট তার দুই বছর কারাবাস পূর্ণ হওয়ার দিনে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
লাহোরের একটি ফার্মহাউসে আয়োজিত এক বৈঠকে গান্ডাপুর বলেন, ‘সামনে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শের পর বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘কিভাবে ৫ আগস্টের মধ্যে এই আন্দোলনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে ভাবতে হবে।’
গান্ডাপুর বলেছেন যে তিনি পাঞ্জাব সরকারকে তখনই প্রশংসা করবেন যখন তাকে তার সাংবিধানিক অধিকার অনুসারে লাহোরে জনসমাবেশ করার অনুমতি দেওয়া হবে।
কয়েকদিন আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান জানিয়েছেন, পিটিআই প্রতিষ্ঠাতা জেল থেকে বিক্ষোভের নেতৃত্ব দেবেন।
তবে আন্দোলনের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কিছু জানাননি তিনি। আলিমা বলেন, উপযুক্ত সময়ে এই পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হবে।
পিটিআই দাবি করছে, ইমরান খানের বিরুদ্ধে মিথ্যা মামলায় তাকে কারাবন্দি করা হয়েছে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় এই আন্দোলন প্রয়োজনীয়।
মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জামিয়াতে উলেমা-ই-ইসলাম (ফজল) দল খাইবার পাখতুনখোয়ায় পিটিআই সরকারের সমালোচনা করলেও গান্ডাপুর অভিযোগ করেন, জেইউআই-এফ নেতাদের ‘ভুয়া ম্যান্ডেটে’ নির্বাচিত করা হয়েছে এবং ফজলুর রহমানের পক্ষে পিটিআই নিয়ে মন্তব্য করার নৈতিক অধিকার নেই।
পিটিআই মুখপাত্র জানিয়েছেন, প্রথম পর্যায়ে প্রদেশ ও জেলা পর্যায়ে আন্দোলন হবে এবং এরপর ধাপে ধাপে তা দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে। আন্দোলনের রুট এবং অবস্থান পিটিআই পরে ঘোষণা করবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



