মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ড্রোন হ্যাক করার দাবি করেছে ইরান-সংশ্লিষ্ট একটি হ্যাকার গ্রুপ। বৃহস্পতিবার শুরু হওয়া বিশ্বকাপকে লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়েছে তারা। কট্টরপন্থি গোষ্ঠীগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, ‘হানজালা’ নামের ওই গোষ্ঠী একটি বিবৃতিতে দাবি করেছে, তারা ‘মাসের পর মাস’ ধরে এফবিআইয়ের ব্যবহৃত ফার্স্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোনের মাধ্যমে ধারণ করা ‘প্রতিটি ছবি এবং প্রতিটি সন্দেহভাজনের তথ্য’-এর অ্যাক্সেস পেয়ে আসছে। হ্যাকারদের দাবি, এসব ড্রোনে মুখমণ্ডল শনাক্তকরণ এবং গাড়ির নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তি ছিল, যা সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ব্যবহৃত হতো।
বিবৃতিতে হানজালা বলেছে, ‘আপনাদের বিশ্বকাপের নিরাপত্তা আরো জোরদার করুন। আমরা ওই দলগুলোর কয়েকটিকে একেবারেই পছন্দ করি না। ভুলে যাবেন না: এফপিভি ড্রোন সর্বত্র রয়েছে; আপনি জানেন না কখন একটি ড্রোন আপনার দলের বাসের ভেতরে গিয়ে পড়তে পারে।’
ড্রোন থেকে সুরক্ষার জন্য এফবিআই বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর চারপাশে ড্রোন মোতায়েন করছে। এ ছাড়া, বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোর আকাশসীমা এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট অনুষ্ঠানস্থলের ওপর ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


