দুই দিনে ১২৭৬ মসজিদ থেকে মাইক খুলে ফেলল পশ্চিমবঙ্গ পুলিশ

দুই দিনে ১২৭৬ মসজিদ থেকে মাইক খুলে ফেলল পশ্চিমবঙ্গ পুলিশ

ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের ওপর নিপীড়ন বেড়েছে। ক্ষমতা গ্রহণের পরই মুসলমানদের গরু কোরবানিসহ বিভিন্ন ধর্মীয় আচার নিয়ে বিধিনিষেধ আরোপ করা হয়। এবার মসজিদের মাইক খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পুলিশ। শব্দদূষণের অভিযোগের ভিত্তিতে রাজ্যজুড়ে মাত্র দুই দিনের অভিযানে প্রায় দেড় হাজার ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লাউডস্পিকার খুলে ফেলা হয়েছে। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টির কথা বলে ১ হাজার ২৭৬টি মসজিদ এবং ১৯৯টি মন্দিরকে তাদের লাউডস্পিকার সরিয়ে ফেলতে নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ধরনের বৈষম্য ছাড়াই সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমানভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যে প্রথমবারের মতো পরিচালিত এমন অভিযানে উপাসনালয়গুলোর পরিচালনা কমিটিকে তাদের মাইক সরিয়ে ফেলতে এবং শব্দদূষণ বিধি মেনে চলতে উৎসাহিত করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গের শব্দদূষণ (নিয়ন্ত্রণ ও বিধিমালা) ২০০০ অনুযায়ী, দিনের বেলায় অর্থাৎ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যেকোনো লাউডস্পিকার ব্যবহার করতে হলে পুলিশের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে সাউন্ড লিমিটার ব্যবহার করতে হবে এবং শব্দের মাত্রা কঠোরভাবে ৫০ থেকে ৭৫ ডেসিবেলের মধ্যে রাখতে হবে।

অন্যদিকে, এই অভিযানের বিষয়ে বেশ কয়েকটি মসজিদ ও মন্দির কমিটির প্রতিনিধিরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুধু মৌখিকভাবে লাউডস্পিকার সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য প্রশাসন থেকে তাদের কাছে কোনো লিখিত নির্দেশনা পাঠানো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন