শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: রাহুল গান্ধী

শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: রাহুল গান্ধী
ছবি: দ্য হিন্দু

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না। তার দাবি, ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে।

শনিবার নয়াদিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইসা) তিনজন শিক্ষার্থী প্রতিনিধিকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

রাহুল গান্ধী বলেন, ‘শিক্ষামন্ত্রী দুর্নীতিগ্রস্ত, অযোগ্য ও দায়িত্ব পালনে ব্যর্থ। তাকে অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়ার আলোচনা চলছে বলে আমরা সরকারের ভেতর থেকে জানতে পেরেছি। কিন্তু এটি কারো কাছে গ্রহণযোগ্য নয়। তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতেই হবে।’

তিনি আরো বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ২০ জুলাই সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচির সময় লাঠিচার্জসহ পুলিশি দমন-পীড়নের সঙ্গে জড়িত ব্যক্তি ও কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের প্রতি সরকারের জবাবদিহির অভাব এবং তাদের ওপর পুলিশি ‘নির্যাতনের’ জন্য মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

তিনি অভিযোগ করেন, ‘সরকার শিক্ষার্থীদের প্রকৃত দাবির প্রতি গুরুত্ব দিচ্ছে না। শিক্ষার্থীরা কোনো পরামর্শ চায় না; তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চায়। পুরো ব্যবস্থার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী মোদিকে শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর আচরণের জন্য ক্ষমা চাইতে হবে।’

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে রাহুল গান্ধী বলেন, সরকারের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।

সূত্র: দ্য হিন্দু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন