বড় অঙ্কের মূল্যছাড়ে ইরাকের অপরিশোধিত তেল কিনতে হরমুজ প্রণালি হয়ে জাহাজ খুঁজছে চীন ও ভারতের কয়েকটি তেল শোধনাগার। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে এখনো কোনো জাহাজ ভাড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সকে শিপিং খাতসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে চীন ও ভারতের কয়েকটি শোধনাগার হরমুজ প্রণালি পেরিয়ে ইরাকের বসরা অয়েল টার্মিনাল থেকে অপরিশোধিত তেল তোলার জন্য জাহাজ খুঁজছে। মূলত বড় অঙ্কের মূল্যছাড় তাদের এ তেল কিনতে আগ্রহী করে তুলেছে।
সূত্রগুলোর ভাষ্য, আগস্টে সরবরাহের জন্য ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন প্রতিষ্ঠান সোমো বসরা হেভি ও বসরা মিডিয়াম গ্রেডের অপরিশোধিত তেলে প্রতি ব্যারেলে প্রায় ৩০ ডলার পর্যন্ত ছাড় দিচ্ছে।
তবে হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকায় জাহাজমালিকেরা সেখানে জাহাজ পাঠাতে অনাগ্রহী। এ কারণে এখন পর্যন্ত কোনো জাহাজ ভাড়ার চুক্তি হয়নি।
জ্বালানি বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্লেপলারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে মাত্র ছয়টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার বের হয়েছে। একই সময়ে প্রণালিতে প্রবেশ করেছে ২১টি জাহাজ, যার বেশির ভাগই ইরানের জলপথ ব্যবহার করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এর আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ এ গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করত।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

